প্রচ্ছদ দৈনিক খবর

আইপিএলে খেলবেন না মরগান-বাটলাররা!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় আসরের মাঝপথেই স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৪তম আসর। তবে বিশাল অঙ্কের ক্ষতি পুষিয়ে নিতে ইতিমধ্যেই টুর্নামেন্টটির বাকি অংশ আয়োজনের জন্য চিন্তাভাবনা শুরু করে দিয়েছে বিসিসিআই।

তবে এ বছরে ভারতে আর আইপিএল হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন স্বয়ং সৌরভ গাঙ্গুলি। অবশ্য চলতি বছরের সেপ্টেম্বর অথবা নভেম্বরের মাঝামাঝিতে বিকল্প কোনও দেশে আবারও আইপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে আয়োজকদের। তবে সে সময়টায় ইংল্যান্ডের ক্রিকেটারদের আইপিএলে দেখা যাবে না বলে জানিয়েছেন দেশটির পুরুষ ক্রিকেটের পরিচালক অ্যাশলে জাইলস। জুন মাস থেকেই জাতীয় দলের ঠাসা সূচিতে ব্যস্ত হয়ে পড়বেন ইয়ন মরগান, জস বাটলাররা।

যা দরুন সেপ্টেম্বর অথবা নভেম্বরের মাঝামাঝিতে যদি আইপিএল পুনরায় মাঠে গড়ায়, তাহলে তাদের অনাপত্তিপত্র দেওয়ার কোনো সুযোগ থাকছে না। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে জাইলস জানিয়েছেন, “আমরা ইংল্যান্ডের ম্যাচগুলোতে ইংল্যান্ডের খেলোয়াড়দের স্বতঃস্ফূর্তভাবে জড়িত রাখার পরিকল্পনা করছি। আমরা একটি সম্পূর্ণ এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) শিডিউল পেয়েছি। সুতরাং,

যদি (সেপ্টেম্বর ও অক্টোবর) পাকিস্তান ও বাংলাদেশের এই সফরগুলো যথা সময়ে অনুষ্ঠিত হয়ে তবে আমি সেখানেই খেলোয়াড়দের উপস্থিতি আশা করবো।” এর আগে চলতি বছরের শুরুর দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থাকা সত্ত্বেও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের খেলোয়াড়দের আইপিএল খেলার অনুমতি দিয়েছিল কারণ সেই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না। তবে আসন্ন ব্যস্ত সূচির কারণে এবার সেই সম্ভাবনা নেই বলে মনে করছে অ্যাশলে জাইলস।

“নিউজিল্যান্ডের পরিস্থিতি ছিল একেবারেই ভিন্ন। এই টেস্ট ম্যাচগুলো জানুয়ারীর শেষে আনুষ্ঠানিকভাবে মাঠে গড়ানোর কথা ছিল, ততক্ষণে আইপিএলে অংশ নেওয়ার জন্য সমস্ত চুক্তি এবং এনওসি (অনাপত্তিপত্র) স্বাক্ষরিত হয়েছিল।” তিনি আরও যোগ করেন, “আমরা কেউই জানি না যে এই মুহুর্তে স্থগিত হওয়া আইপিএল ভবিষ্যৎ কি, এটি কখন বা কখন হতে চলেছে। তবে আমরা যখন এই গ্রীষ্মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা শুরু করবো, তখন থেকেই আমরা ঠাসা সূচিতে ব্যস্ত হয়ে পড়বো।

টি-টোয়েন্টি বিশ্বকাপ, অ্যাশেজ সহ সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং হাই-প্রোফাইল ক্রিকেট রয়েছে। এবং সে জন্যই আমাদের খেলোয়াড়দের বিশেষভাবে দেখাশোনা করতে হবে।”