পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, এরপর ওয়ানডে ফরম্যাটেও কয়েক বছর দাপিয়ে পারফর্ম করেছেন মুস্তাফিজুর রহমান। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গিয়ে ইনজুরিতে পড়ার পর থেকে পুরোনো মুস্তাফিজকে ফিরে পেতে বেগ পেতে হয়েছে।
গেল কয়েক বছরে জাতীয় দলের হয়েও আগের মতো কার্যকরী ভূমিকা রাখতে পারছেন না। দেশের হয়ে সময়টা খুব বেশি ভালো না গেলেও আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ পারফর্ম করেছেন মুস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের ১৭ উইকেট নিয়ে শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন। যে কারণে মাঝে মাঝে বলতে শোনা যায় মুস্তাফিজ দেশের হয়ে কেন আইপিএলের মতো পারফর্ম করতে পারেন না।
কিংবা বলতে শোনা যায় দেশের চেয়ে বাইরের কোথাও যখন খেলতে যায় তখন ভালো খেলে কেন। যদিও এমন অভিযোগ মানতে নারাজ মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের এই টি-টোয়েন্টি অধিনায়ক মনে করেন, এভাবে তুলনা করলে মুস্তাফিজকে ছোট করা হয়। এ প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জির লাইভে মাহমুদউল্লাহ বলেন, ‘আরেকটা কথা আমি বলতে চাই এখানে, অনেক সময় বলে যে মুস্তাফিজ যখন বাইরে খেলতে যায় তখন ভালো পারফরম্যান্স করে থাকে। এটা বলে আমার মনে হয় যে ওকে ছোট করে ফেলা হয়।
কারণ ও তো চেষ্টা করছে, আর এমন নয় তো যে ও পারফর্ম করে নাই বাংলাদেশ দলের জন্য।’ তিনি আরও বলেন, ‘অনেকগুলো ম্যাচ জিতেছে যেখানে ওর দারুণ সব পারফরম্যান্স আছে, গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে এবং যেটার কারণে আমরা ম্যাচ জিতেছি। এভাবে কাউকে বলাটা ঠিক না। এটা আমার ব্যক্তিগত মতামত। ভুল হতে পারে তবে আমার কাছে মনে হয় এভাবে তুলনা করা ঠিক না। তখন ওই খেলোয়াড়টাকে ছোট করে ফেলা হয়।’ আইপিএলের এবারের আসরে রাজস্থানের দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ।
দলটির হয়ে সাত ম্যাচ খেলে নিয়েছেন আট উইকেট। পরিসংখ্যান খুব বেশি সমৃদ্ধ না হলেও তাঁর বোলিংয়ে ছিল দারুণ বৈচিত্র। স্লোয়ারের সঙ্গে কাটার দিয়ে ব্যাটসম্যানদের বোকা বানিয়েছেন বাঁহাতি এই পেসার। যা ভালো লেগেছে মাহমুদউল্লাহর। কন্ডিশনে পক্ষে থাকায় এগুলো বেশি কার্যকরী হয়েছে বলে মনে করেন তিনি। মাহমুদউল্লাহ বলেন, ‘আমি মুস্তাফিজের বেশ কয়েকটা ম্যাচ দেখেছি, সাকিবের কয়েকটা ম্যাচ দেখেছি। মুস্তাফিজ যেভাবে বল করেছে আমার খুবই ভালো লেগেছে। ও যেভাবে ডমিনেট করে বোলিং করে ওই জিনিসটা সেই লিগে করছিল।
আরেকটা জিনিস আমার মনে হয় যে ওকেও স্যুট করেছে যেটা হচ্ছে কন্ডিশন। যা সঙ্গে স্যুট করেছে। ওর যে কাটারগুলো আছে ওইগুলো আরও অনেক বেশি কার্যকরী ছিল ওই কন্ডিশনে।’













































