প্রচ্ছদ দৈনিক খবর

আইপিএলের টাকা দিয়ে অক্সিজেন কিনুনঃ শোয়েব আখতার – BigoNewz

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনা ভাইরাস মহামারিতে বিপর্যস্ত পুরো ভারত। দেশটিতে প্রতিদিনই কয়েক লাখ করে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সেই সঙ্গে মৃত্যু হচ্ছে কয়েক হাজার মানুষের। এমন ভয়াবহ সময়ের মধ্যে ভারতের অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর।

এমন পরিস্থিতিতে আইপিএল স্থগিতের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। শুধু আইপিএল নয় জুনে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় পর্ব শুরু না করার পরামর্শ দিয়েছেন তিনি। ক্রিকেটের চেয়ে এখন মানুষের জীবন বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, ‘ভারত ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। যথাযথ ব্যবস্থা নিয়ে চালিয়ে যেতে না পারলে তাদের আইপিএল বন্ধ করা উচিত।

তা না হলে ভারত যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে, সে বিচারে বলতে পারি, আইপিএল স্থগিত করা প্রয়োজন। পিএসএল স্থগিত হয়েছিল বলে যে আইপিএলও স্থগিত করার কথা বলছি, তা নয়। আমি মনে করি, জুনে পিএসএলও স্থগিত হওয়া উচিত।’ ভারত জুড়ে অক্সিজের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। অক্সিজেনের চাহিদা মেটাতে হিমসিম খেতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। এমন পরিস্থিতিতে আইপিএলে যে পরিমাণ টাকা খরচ হচ্ছে তা অক্সিজেন ট্যাংক কেনার কাজে ব্যয় করতে বলেছেন শোয়েব।

মানুষের সঙ্কটের কথা ভেবেই তিনি এই পরামর্শ দিয়েছেন। পাকিস্তানের এই সাবেক পেসার বলেন, ‘আইপিএল গুরুত্বপূর্ণ কিছু নয়, সেখানে যে পরিমাণ টাকা খরচ করা হচ্ছে, সেটা অক্সিজেন ট্যাংক কেনার জন্য ব্যয় করা উচিত। এটা মানুষকে মৃত্যু থেকে বাঁচাবে। এই মুহূর্তে আমাদের ক্রিকেট কিংবা বিনোদনের প্রয়োজন নেই। আমরা ভারত ও পাকিস্তানে মানুষের জীবন বাঁচাতে চাই। আমি এভাবে জোর দিয়ে বলছি, কারণ মানুষের জীবন এখন সংকটের মুখে।’

পাকিস্তানেও অক্সিজেনের সঙ্কট দেখা দিতে পারে। সেই আশঙ্কার কথা জানিয়ে এই সাবেক পাকিস্তানি ক্রিকেটার বলেন, ‘পাকিস্তান খাদের কিনারে রয়েছে, আর মাত্র ১০ শতাংশ অক্সিজেন সংকুলান করা সম্ভব। কিন্তু লোকজন সঠিক সুরক্ষাব্যবস্থা মানছে না। রমজানের শেষ ১০ থেকে ১৫ দিনে কারফিউ জারির আবেদন জানাচ্ছি পাকিস্তানে। ঈদের কেনাকাটায় যাওয়ার দরকার নেই। লোকজনকে সাবধান থাকতে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।’