করোনা ভাইরাসের কারণে আইপিএল স্থগিত হয়ে গেলেও দেশে ফেরা নিশ্চিত ছিল না অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের, কারণ ভারত থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। যে কারণে দেশে ফেরা নিয়ে উদ্বিগ্ন ছিল স্টিভেন স্মিথরা, অবশেষে দেশের উদ্দেশ্যে ভারত ছেড়েছে তারা।
তবে সরাসরি দেশে ফিরতে পারছেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা, তাদের মালদ্বীপ হয়ে ফিরতে হচ্ছে। এসব ঝামেলা নেই নিউজিল্যান্ড ক্রিকেট দলের, তবে দেশটির ক্রিকেটাররা দেশে নয়; টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে পাড়ি জমাবেন। টেস্ট দলে না থাকা ক্রিকেটাররা নিউজিল্যান্ডে যাবেন, তারা ভারত ছাড়বেন ১১ মে। অস্ট্রেলিয়া দলের দেশে ফেরা নিয়ে কেটে যাওয়া সংকটের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক টুইট বার্তায় সংস্থাটি জানিয়েছে,
“আমরা জানাতে চাই অস্ট্রেলিয়ার সমস্ত ক্রিকেটার, প্রশিক্ষক, ধারাভাষ্যকার এবং ম্যাচ অফিশিয়ালরা সুস্থ ভাবে দেশে ফিরছেন। তারা মালদ্বীপের উদ্দেশে রওনা দিয়েছেন।” ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডে যাবেন কেন উইলিয়ামসন, কাইল জেমিসনরা, তারা সরাসরি ইংল্যান্ডে গিয়ে কোয়ারেন্টাইনে প্রবেশ করবে। সরাসরি দেশে ফিরবেন ট্রেন্ট বোল্ট, স্কট কুগেলিন, জেমস নিশামরা, দেশে ফিরলেও দ্বিতীয় টেস্টের আগেই দলের সাথে ইংল্যান্ডে যোগ দিবেন বোল্ট।
ক্রিকেটারদের সুন্দর ভাবে দেশে ফেরার ব্যবস্থা করায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। তিনি বলেন, “আমাদের ক্রিকেটারদের ফেরার ব্যাপারে ভারতীয় বোর্ডের সঙ্গে আমরা কথা বলেছি। এই কঠিন সময়ে বিসিসিআই যে ভাবে সাহায্য করেছে তার জন্য ধন্যবাদ।”













































