করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদনের বিষয়ে শনিবারের (০৮ মে) মধ্যে মতামত জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা।
সরকারের অনুমতি পেলে চিকিৎসার জন্য কোথায় যাবেন বা কিভাবে যাবেন সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। শনিবার সময় সংবাদকে তিনি বলেন, আমরা সরকারের অনুমতির অপেক্ষায় আছি। খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার সব প্রস্তুতিও সম্পন্ন করা আছে। সরকারের অনুমতি পেলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি এয়ার অ্যাম্বুলেন্স নাকি চার্টার্ড ফ্লাইটে বিদেশ যাবেন।
এ বি এম আব্দুস সাত্তার আরও বলেন, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে কোথায় নেওয়া হবে সে লক্ষ্য এখনও নির্ধারণ করা হয়নি। তবে আপাতত তাকে লন্ডন নিতে চান তার পরিবার। এর আগে খালেদা জিয়াকে বিদেশ নিতে গত বুধবার (০৬ মে) রাত আটটায় সরকারের কাছে আবেদন করে তার পরিবার। এখনো সরকারের গ্রিন সিগন্যাল মেলেনি।
এদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় আবেদনের কপি হাতে পাওয়ার পর আইনমন্ত্রী জানিয়েছেন, খুব শিগগিরই এ বিষয়ে তিনি মতামত দিবেন।বিএনপিও তাকিয়ে সরকারের দিকে। আবেদনে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ না করলেও সে দেশকেই অগ্রাধিকার দিচ্ছে তার পরিবার। এছাড়া সিঙ্গাপুর হয়ে সৌদি আরব যাওয়ার কথাও শোনা যাচ্ছে।
দেশগুলোর দূতাবাস, হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করছেন তারা। খালেদা জিয়ার নবায়নকৃত পাসপোর্ট ও সরকারের অনুমোদন পেলেই এ বিষয়ে আরও তৎপর হবে বিএনপি। খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সময় ক্ষেপণ করে তার জীবনের ঝুঁকি না বাড়িয়ে বিদেশে যেতে দেয়া উচিৎ এবং এখানে আইনগত কোনো বাধা নেই।’
এদিকে আজ শনিবার (০৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালের সিনিয়র জেনারেল ম্যানেজার ডা. আরিফ মাহমুদ জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা খালেদা জিয়ার অক্সিজেন অবস্থা ভালো আছে। আজ কোনো সমস্যা নেই। আগের চেয়ে তিনি ভালো আছেন।তিনি জানান, দুপুরের পর বসবে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। এরপর তার শারীরিক অবস্থা ভালোভাবে জানা যাবে। যেহেতু তার করোনা-সংক্রান্ত জটিলতা রয়েছে এবং তা সহজে যাচ্ছে না, সেক্ষেত্রে অনেকটা স্থিতিশীল আছেন খালেদা জিয়া।













































