প্রচ্ছদ দৈনিক খবর

অধিনায়কত্ব নিয়ে কি ভাবছেন সাকিব!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

৩ ফর্মেট ৩ অধিনায়ক ক্রিকেট বিশ্বে নতুন কোন ঘটনা নয়, তবে আলাদা ফর্মেটে আলাদা অধিনায়ক বেছে নেওয়ার পরেও লাভ না হওয়ায় সেই পরিকল্পনা থেকে সরে এসেছে প্রায় সব দেশই। এখন সাদা ও লাল বলের জন্য আলাদা অধিনায়ক বেছে নিচ্ছে দেশগুলো, তবে এক্ষেত্রে বাংলাদেশ ব্যতিক্রমই বলা যায়।

অন্যান্য দেশগুলো সফল না হওয়ায় যেখানে এক বা দুই অধিনায়কত্বে ফিরে আসছে, সেখানে বাংলাদেশ হাটছে আলাদা ৩ ফর্মেটে ৩ অধিনায়কত্বের পথে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ওয়ানডেতে তামিম ইকবাল ও টি-টোয়েন্টিতে এই দায়িত্ব মাহমুদউল্লাহ রিয়াদের। যদিও পারফর্মেন্স যে সুখকর সেটা মোটেও বলা যাবে না, সর্বশেষ ১০ আন্তর্জাতিক ম্যাচে একটাও জয় নেই বাংলাদেশের। ৩ অধিনায়কত্ব তত্ত্ব নিয়ে সমালোচনা আছে, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনায় আপাতত ৩ অধিনায়কত্ব থেকে সরে আসার সম্ভাবনা খুব কমই।

বাংলাদেশের প্রেক্ষাপটে ৩ অধিনায়ক তত্ত্ব একটা কাজে আসে সেই প্রশ্ন আছেই, এবার সাকিব আল হাসানও কথা বলেছেন ৩ অধিনায়ক তত্ত্ব নিয়ে। বিশ্বসেরা এই অলরাউন্ডারের মতে, বাংলাদেশের জন্য ৩ অধিনায়ক নয়, সেরা অপশন সব ফর্মেটে এক অধিনায়ক। ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, “দলের ভেতরে বাইরে থেকে আমার যা মনে হয়, ৩ ফর্মেটে ৩ অধিনায়ক আমাদের জন্য একটি ডিফিকাল্ট ব্যাপার।

এমন হতে পারে যে, সাদা বলে একজন আর লাল বলে একজন অধিনায়ক। আর বেস্ট অপশন হলো ৩ ফর্মেটে এক ক্যাপ্টেন।” ভাবনাটা একান্তই ব্যক্তিগত সেটাও জানিয়েছেন সাকিব, “এটা একান্তই আমার ব্যক্তিগত মত, সিদ্ধান্তটা আসলে বিসিবির। যারা বোর্ডের নীতি নির্ধারক আছেন, অধিনায়ক মনোয়ন করা যাদের কাজ এবং নির্বাচক আছেন তারা সবাই মিলে অধিনায়ক ঠিক করেন এবং ঠিক করবেন। তবে আমার কাছে মনে হয়, সব দিক থেকে বাংলাদেশের জন্য এক অধিনায়কই বেস্ট অপশন।”

সব ফর্মেটে এক অধিনায়ক হিসেবে সাকিবকে বেছে নেওয়া হলে তিনি সেই দায়িত্ব নিতে রাজি আছেন কি-না এমন প্রশ্নের জবাবে টাইগার এই অলরাউন্ডার বলেন, “এটা তো অবশ্যই নির্ভর করবে পরিবেশ ও পরিস্থিতির ওপর। অবশ্যই যদি আমাকে বলা হয় এবং আমার মত যদি সব ঠিক থাকে, মানে আমি যেভাবে চাই, তা যদি হয়, তাহলে অবশ্যই আমি ইন্টারেস্টেড থাকবো।” বর্তমান অধিনায়কেরা ভালো করলেও বাংলাদেশের ক্রিকেটের কল্যাণের বিষয় চিন্তা করে এক অধিনায়কই রাখা উচিত বলে মনে করেন সাকিব।

তিনি আরও বলেন, “এখন যারা অধিনায়ক আছেন, তারা সবাই ভালো করছেন। তাদের আরও ভালো করার সুযোগ আছে, কাজেই ওই জায়গা থেকে কিছু নিয়ে নিচ্ছি না। তবে বাংলাদেশের ক্রিকেটের মঙ্গল ও কল্যাণের কথা চিন্তা করে বলছি, এক অধিনায়ক থাকাই উত্তম।”