প্রচ্ছদ দৈনিক খবর

সাকিব-মুস্তাফিজকে দেশে ফেরাতে মন্ত্রণালয়ের দ্বারস্থ বিসিবি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আইপিএল খেলতে এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের দলে থাকায় তাদের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু করেছে বিসিবি। কিন্তু ভারতীয় ফ্লাইট সহ ভারত থেকে বাংলাদেশে প্রবেশের ব্যাপারে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি এই দুজনের জন্য সিথিল সহ তাদের কোয়ারেন্টাইন বিধিমালা সম্পর্কে জানতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছে বিসিবি।

এছাড়াও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়া বাংলাদেশ দল দেশে ফিরলে কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, যেহেতু চলতি মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ; এইসব বিষয়েও জানতে চেয়েছে বিসিবি। বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশ দল শ্রীলংকা অবস্থান করছে। দেশের করোনা পরিস্থিতিতে ১ তারিখ থেকে সরকার নতুন কিছুু নির্দেশনা দিয়েছেন।

এর প্রেক্ষিতে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মুখাপেক্ষী হয়েছি যে দেশে ফেরার পর ক্রিকেটারদের স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা কি থাকবে বা কতদিনের কোয়ারেনটাইন করতে হবে।” “যেহেতু সামনে শ্রীলংকা সিরিজ আছে তাই সে বিষয়টি বিবেচনায় রেখেই আমরা স্বাস্থ্য দপ্তরের কাছে এসব বিষয় জানতে চেয়েছি। সাকিব আর মোস্তাফিজের বিষয়টিও এখানে আছে, নিজাম উদ্দিন যোগ করেন।” কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়েলসের হয়ে আইপিএল খেলছেন যথাক্রমে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান।

যেহেতু ২৩ মে থেকে শুরু ওয়ানডে সিরিজ, সেহেতু কোয়ারেন্টাইন এবং ক্যাম্প সবমিলে অন্তত ১০ দিন আগেই দেশে ফিরতে পারেন এই দুই জন। করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৩ ওয়ানডে, জৈব সুরক্ষিত প্রটোকল নিশ্চিত করে মাঠে গড়াবে সিরিজটি। যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ মে হবে সিরিজের ৩ ওয়ানডে, সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ১ টায়।

আসন্ন ওয়ানডে সিরিজটি দুই দলের কাছেই আলাদা গুরুত্ব পাচ্ছে, ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ওয়ানডে সুপার লিগে সেরা ৭ এ থাকতে হবে। যে কারণে ওয়ানডে সুপার লিগের প্রতিটি ম্যাচই সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে দলগুলোর কাছে, ৬ ম্যাচে ৩ জয় ও ৩ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের ৫ এ আছে বাংলাদেশ দল।