শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত খেলা ২২ ওয়ানডেতে মাত্র ১৫ উইকেট পেয়েছেন সাকিব। সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয়। শুধু ব্যাটে না বল হাতে সমান পারদর্শী। সেসব সবারই জানা কথা।
এই অলরাউন্ডার অনেক ম্যাচ জিতিয়েছেন ব্যাটে বলে। তবে এই অলরাউন্ডার বল হাতে ব্যর্থ শ্রীলঙ্কার বিপক্ষে। পরিসংখ্যান নিদেনপক্ষে সেকথাই বলে। অনেকের মতে ক্রিকেট সাহিত্যের জনক স্যার নেভিল কার্ডাস, বহু আগে বলে গিয়েছেন ‘ক্রিকেট পরিসংখ্যান আস্ত গাধা!’ কী আর করার সফলতা-ব্যর্থতা পরিমাপে তো আশ্রয় নিতেই হয় পরিসংখ্যানের। সে বোলিং পরিসংখ্যানই সাকিবের বিপক্ষে।
সাকিব ওয়ানডে ক্রিকেট খেলেছেন ১৬ দেশের বিপক্ষে। দাপিয়ে বেড়িয়েছেন সর্বত্র। তবে ১৬ প্রতিপক্ষের মধ্যে সবচেয়ে বাজে বোলিং গড় অস্ট্রেলিয়ার বিপক্ষে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সাকিব প্রতি উইকেট নিতে খরচ করেছেন ৫৮ রান। তাসমান সাগর পাড়ের দেশটির বিপক্ষে বেশি ম্যাচ না খেলা যার কারণ! অজিদের বিপক্ষে মোটে খেলেছেন ৯ ওয়ানডে ম্যাচ। কিন্তু, লংকানদের বিপক্ষে খেলেছেন ২২ ম্যাচ। কম ম্যাচের অজুহাত শুরুতেই বাদ।
সাকিবের খারাপ বোলিং গড়ের দুইয়ে শ্রীলঙ্কা। লংকানদের বিপক্ষে সাকিব নিয়েছেন ১৫ উইকেট। প্রতি উইকেট নিতে বিশ্বসেরা অলরাউন্ডার রান খরচ করেছেন ৫২.২৭। প্রতি উইকেটের জন্য বল করতে হয়েছে ৬৭.৩৩ বল। যা ওয়ানডে ক্যারিয়ারের যেকোন দলের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি বল লেগেছে অজিদের বিপক্ষে। উল্লেখ্য, সাকিব বাংলাদেশিদের মধ্যে লংকানদের বিপক্ষে সর্বোচ্চ উইকেট শিকারীর সেরা পাঁচেও নেই।
যতবার সমালোচনা বা খারাপ করার ব্যাপারটি এসেছে সাকিব তা উড়িয়েছেন ভালোভাবে। এবারই তার ব্যত্যয় ঘটবে না! তা হলো লাভ বাংলাদেশেরই। সামনের বিশ্বকাপ খেলতে যে ঘরের চেনা কন্ডিশনে লংকানদের নাস্তানাবুদ করে নিতে হবে পূর্ণ ত্রিশ পয়েন্ট। বিশ্বকাপের সুপার লিগের পয়েন্ট টেবিলের ছয়ে থাকা বাংলাদেশ নিশ্চয় চাইবে তা আরো এগিয়ে নিতে। মসলা খাওয়ার জাতি হিসেবে বেশ নামডাক দ্বীপদেশ শ্রীলঙ্কার। এবার কী সাকিবের বোলিং ঝাঁজ অপেক্ষা করছে ওদের সামনে?
কুশল পেরেরারা প্রস্তুত তো? তবে আর আগে কাজটা করতে হবে সাকিবকেই। এমন কতকিছুই তো জাদুমন্ত্রে এর আগে করেছেন সাকিব। এবারও কী?













































