প্রচ্ছদ দৈনিক খবর

শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বৃষ্টি আইনে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৩ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয় এই জয়ে ১ ম্যাচ হাতে রেখেই লঙ্কানদের বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ ঘরে তুলল টাইগাররা। এই জয়ের সুবাদে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলেরও শীর্ষে উঠে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে মুশফিকুর রহমানের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে সব উইকেট হারিয়ে ২৪৬ রানের মাঝারি সংগ্রহ পায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১২৭ বলে ১২৫ রান করেন মুশফিক। জবাবে ১৪১ রানে থামে শ্রীলঙ্কা। ১০৩ রানে জয় পায় বাংলাদেশ দল। 

লক্ষ্য তাড়ার শুরুতেই অধিনায়ক কুশল পেরেরার উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ২৪ রানের সময় ব্যক্তিগত ১৪ রানে শরিফুলের বলে মিড অনে তামিম ইকবালের হাতে ক্যাচ দেন তিনি। অভিষেক হওয়া শরিফুল ইসলামের এটি আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের প্রথম উইকেট। ২৪ রান করে মুস্তাফিজের শিকার হন আরেক ওপেনার গুনাথিলাকা। খানিক বাদে নিশাঙ্কাকে ফেরান সাকিব। মিড উইকেটে তিনবারের চেষ্টায় বলকে তালুবন্দি করেন তামিম।

পরে ১০ রানে থাকা ধনঞ্জয়াকে আউট করে মাশরাফি বিন মুর্তজার রেকর্ড স্পর্শ করেন সাকিব। দেশের হয়ে ওয়ানডেতে ২১০ ম্যাচে মাশরাফির উইকেট ২৭০টি। তার মধ্যে ১টি নিয়েছিলেন এশিয়া একাদশের হয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট নিয়ে ২১১ ম্যাচে ২৬৯ উইকেট স্পর্শ করেন সাকিব। আরেকটি উইকেট নিলেই ছাড়িয়ে যাবেন মাশরাফিকে।

ধনঞ্জয়ার আউটের পর বান্দারা (১৫), সানাকা (১১), হাসারাঙ্গারা (৬) ব্যাট হাতে সুবিধা করতে না পারলে বৃষ্টির পর ১৪১ রানে থামে লঙ্কানদের ইনিংস। ফল ১০৩ রানে জয় তুলে সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ও মিরাজ ৩টি করে উইকেট নেন। সাকিবের দখলে ২টি। মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়া সাইফউদ্দিনের পরিবর্তে বল করতে নেমে উইকেটের দেখা পাননি তাসকিন আহমেদ। ৮ ওভার বল করে ২৭ রান খরচ করেন তিনি।

বাংলাদেশ–শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রহিম

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। শুরুতেই ওপেনার তামিম ইকবালের উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। সাকিব আল হাসান ফেরেন শূন্য রানে। আরও একবার সুযোগ পেয়ে ব্যর্থ লিটন। এ ম্যাচে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। ফিরেছেন ২৫ রান করে। একাদশে সুযোগ পাওয়া মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ১০ রান।

প্রথম ওয়ানডের মতো এবারও দলের হাল ধরেন মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদ। আগের ম্যাচে দুজন ১০৯ রানের পার্টনারশিপ গড়ে দলকে বিপদমুক্ত করেছিলেন। আজ তাদের জুটি থেকে আসে ৮৭ রান। সান্দাকানকে সুইপ করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন রিয়াদ। এতে শেষ হয় তার ৪১ রানের ইনিংসটি। পরে দলের দায়িত্ব কাঁধে তুলে নেন মুশফিক। 

আগের ম্যাচে ৮৪ রানে আউট হয়েছিলেন। এবার আর ভুল করেননি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে খেলেন ১২৫ রানের ইনিংস। এতে দীর্ঘ ২৩ মাস পর সেঞ্চুরির স্বাদ পান মুশফিকুর। রঙিন পোশাকে এর আগে সবশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৯ বিশ্বকাপে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে তার দ্বিতীয় ওয়নাডে শতকটি এলো আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের ১৫ ইনিংস পর।  শেষদিকে সাইফউদ্দিনের ১১ রানের কল্যাণে ইনিংসের ৪৯তম ওভারে অলআউট হওয়ার আগে ২৪৬ রানে থামে বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে চামিরা ও সান্দাকান ৩টি করে উইকেট নেন।

১০ চারে ১২৭ বলে ১২৫ রানের ইনিংস খেলে দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রহিম।

আইসিসির নিয়ম অনুযায়ী সুপার লিগের সেরা ৮ দল সরাসরি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলবে। তারই অংশ হিসেবে এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে ৩০ পয়েন্ট পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডে গিয়ে ০-৩ ব্যবধানে হারায় নামের পাশে পয়েন্ট যোগ হয়নি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুর দুই ম্যাচ জিতে ইতিহাস গড়া সিরিজ জয়ের পাশাপাশি ২০ পয়েন্ট তুলে নিয়েছে বাংলাদেশ দল।

এই জয়ের ফলে ৮ ম্যাচে ৫ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় উঠেছে বাংলাদেশ। ৯ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। তিন ও চার নম্বরে থাকা পাকিস্তান ও অস্ট্রেলিয়ার সমান ৬ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট। তিন ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান নিউজিল্যান্ডের। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা শ্রীলঙ্কার ৫ ম্যাচে কোনো জয় নেই।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

bangla news।