আগামী ৯ জুন থেকে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ জুন। বৃহস্পতিবার (৩ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
![]()
বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় চলতি বছরের শুরুতে স্থগিত করা হয়েছিল পিএসএলের ষষ্ঠ আসর। তবে করোনার প্রকোপ কিছুটা কমতেই টুর্নামেন্টের বাকি অংশ আয়োজনে তোড়জোড় শুরু করেছিল পিসিবি। ফলে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা করে ১ জুন থেকে টুর্নামেন্ট শুরুর সিদ্ধান্ত নিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু পাকিস্তানে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় করাচি থেকে পিএসএল সরাতে পিসিবিকে চিঠি দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো।
![]()
যে কারণে পরবর্তীতে করাচি থেকে পিএসএল সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেয়া হয়। ভেন্যু পরিবর্তন করলেও ১ জুন থেকে শুরু করা সম্ভব হয়নি টুর্নামেন্টের বাকি অংশ। মূলত ভিসা জটিলতার কারণে ক্রিকেটাররা নির্ধারিত সময়ের মাঝে সেখানে পৌঁছাতে না পারায় পিছিয়ে দেয়া হয় টুর্নামেন্ট শুরুর তারিখ। নতুন সূচি অনুযায়ী আগামী ৯ জুন থেকে শুরু হবে পিএসএলের ষষ্ঠ আসরের বাকি অংশ। যেখানে ১৬ দিনে অনুষ্ঠিত হবে মোট ২০টি ম্যাচ।
![]()
২৪ জুন ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরের। সবগুলো ম্যাচ হবে আবুধাবিতে। পিএসএল পরবর্তী সময়ে পাকিস্তানের ইংল্যান্ড সফর থাকায় রাখা হয়েছে ৬টি ডাবল হেডার। যেখানে দিনের প্রথম ম্যাচ মাঠে গড়াবে স্থানীয় সময় বিকেল পাঁচটায় আর দিনের দ্বিতীয় ম্যাচ শুরু রাত ৮ টায়।













































