প্রত্যেক মাসেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মাসের সেরা ক্রিকেটার নির্বাচন করে পুরষ্কৃত করে থাকে। এরই ধারাবাহিকতায় এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের জন্য মনোনিত ব্যাক্তিদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থাটি।
যেখানে মনোনিত ব্যাক্তিরা হলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, তারই স্বদেশি উদ্বোধনী ব্যাটসম্যান ফখর জামান এবং নেপালের কুশাল ভুরটেল। এখান থেকে আইসিসির ভোটিং একাডেমী এপ্রিলের সেরা একজন ক্রিকেটারের নাম ঘোষণা করবেন। গেল মাসে ব্যাট হাতে অসাধারণ ছিলেন বাবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি ওয়াডনেতেই তার পারফরম্যান্স ছিল আকাশচুম্বী। একটি ম্যাচে ১০৩ এবং অন্য ম্যাচে ৯৪ রানের পাশাপাশি জিতেছিলেন দুটি ম্যান অফ দ্যা ম্যাচ পুরষ্কার।
এ ছাড়া ৩ ম্যাচে তার রান মোট ২২৪। এই ধরণের পারফরম্যান্সের ফলে বিরাট কোহলিকে হঁটিয়ে ওয়ানেতে ব্যাটসম্যানদের শীর্ষস্থান দখল করে নিয়েছেন বাবর। এপ্রিল মাসে বাবর মোট ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে তিনি ৪টি খেলেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ৩টি জিম্বাবুয়ের বিপক্ষে। এই ৭ ম্যাচে বাবর ৪৩.৭৫ গড়ে করেছেন ৩০৫ রান। যেখানে ছিল দুটি হাফ সেঞ্চুরির সঙ্গে একটি সেঞ্চুরিও। এদিকে বাবরের মতো দারুণ ফর্মে রয়েছেন ফখরও।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০০.৬৬ গড়ে তিন ম্যাচ ওয়ানডেতে করেছেন ৩০২ রান। এই সিরিজে তিনি ২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, ছিল একটি ১৯৩ রানের বিদ্ধংসী ইনিংস। ফলে সেরা ব্যাটসম্যানদের তালিকার ৭ নম্বরে উঠে এসেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। যা আগে কখনোই অর্জন করতে পারেননি তিনি। নেপালের কুশাল টি-টোয়েন্টিতে গড়েছেন ইতিহাস। প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে টানা তিনটি হাফ সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন তিনি।
এ ছাড়া নেদারল্যান্ড এবং মালেশিয়াকে নিয়ে অনুষ্ঠিত নেপালের ত্রিদেশী টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও এই কুশল। ঐ টুর্নামেন্টে তিনি ২৭৮ রান করেছিলেন। ফলে প্রথমবারের মতো আইসিসির সেরা ১০০ ব্যাটসম্যানের তালিকায় জায়গা করে নিয়েছেন নেপালের এই ক্রিকেটার। বর্তমানে এই তালিকায় তার অবস্থান ৯৩তম।













































