প্রচ্ছদ দৈনিক খবর

মুশফিক-লিটনদের আরও সম্মান দিতে বললেন ফাহিম

3
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভালো খেলতে না পারায় টি-টোয়েন্টি বিশ্বকাপে রীতিমতো ‘খলনায়ক’ বনে গেছিলেন তারা। অনেকের মুখেই শোনা গেছে, ওপেনার লিটন দাসই সর্বনাশের মূল। তার খারাপ খেলায় বিশ্বকাপে বাংলাদেশের টিম পারফরম্যান্স বেশি খারাপ হয়েছে।

পাশাপাশি দলের সবচেয়ে সিনিয়র উইলোবাজের কাছ থেকে প্রত্যাশা ছিল অনেক। কিন্তু মুশফিকুর রহিমও বিশ্বকাপে সে প্রত্যাশা পূরণ করতে পারেননি। বরং প্রায় খেলায় স্কুপ, সুইপ, রিভার্স সুইপ খেলতে গিয়ে বারবার আউট হয়ে মুশফিকুর রহিমও হয়েছেন নিন্দিত।

যে কারণে পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজেও তাদের দলে রাখা হয়নি। এই দুজনকে টি-টোয়েন্টি সিরিজে না নেয়ার সিদ্ধান্তকে তড়িঘড়ি এবং আবেগপ্রসূত বলে মন্তব্য করেছেন নাজমুল আবেদিন ফাহিম।

জাগো নিউজের সঙ্গে আলাপে দেশের এ নামী ক্রিকেট প্রশিক্ষক এবং বিকেএসপি থেকে বের হওয়া শতাধিক ক্রিকেটারের গুরু ফাহিম মুশফিকের মতো অভিজ্ঞ ও পরীক্ষিত পারফরমারকে বাদ দেয়ার বিরোধিতা করেছেন। লিটন-সৌম্যের মত পরীক্ষিত পারফরমারও এত দ্রুত বাদ দেয়াকে যুক্তিযুক্ত মনে হয়নি তার।

ফাহিম বোঝানোর চেষ্টা করেছেন, আসলে মুশফিক-লিটনরা দলের শক্তি। তাদের অযত্ন-অবহেলা না করে যথাযথ মূল্যায়ন করা জরুরী।

শুক্রবার চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষে ফাহিম জানান, ‘সবার বোঝা উচিত লিটন কোন মাপের খেলোয়াড়। এটা সবারই মাথায় রাখা উচিত লিটন সন্দেহাতীতভাবে ভালো খেলোয়াড়। কোয়ালিটি ব্যাটার, যার সামর্থ্য আছে বেশ।

বিশ্বকাপে তো লিটন কিছুই করতে পারেনি, ব্যর্থ হয়ে দলকে ভুগিয়েছে। এ প্রসঙ্গে ফাহিমের জবাব, ‘কেন পারছে না, সেটাও বোঝা উচিত। লিটন কোন মাপের খেলোয়াড়, সৌম্যর সামর্থ্য কেমন তা আমাদের জানা দরকার। কোথাও না কোথাও আটকে থাকার কারণেই হয়তো পারফরম্যান্সটা তাদের মেধা-যোগ্যতা অনুযায়ী হচ্ছে না। সেটা না খুঁজে তাদের বাদ দিলে তো সেরাটা বেরিয়ে আসবে না।’

মুশফিকের প্রসঙ্গ টেনে ফাহিম বলেন, ‘মুশফিকের কথাই বলি। মুশফিক চরম মানসিক অস্থিরতা নিয়ে আজ মাঠে নেমে প্রচণ্ড মনোবল, আত্মবিশ্বাস ও আস্থা দেখালো- অতুলনীয়, অবিশ্বাস্য। তার ভেতরে অমন সাহস আছে, মনোবলটাও অনেক দৃঢ় বলেই এমন নানামুখী চাপ, সমালোচনা আর অফফর্মের বাধা বিপত্তি অতিক্রম করতে পেরেছে।’

ফাহিমের দাবি, ‘এই লড়াকু মনোবলের প্রশংসা করতে হবে। এটার প্রতি সম্মান দেখাতেই হবে।’

ম্যানেজমেন্ট যে লিটনের ওপর আস্থা রেখেছেন সেজন্য তাদের ধন্যবাদ দিতে চান ফাহিম, ‘তারা (টিম ম্যানেজমেন্ট) যে বিশ্বকাপের পারফরম্যান্সের কথা চিন্তা করে লিটনকে টি-টোয়েন্টির মত টেস্ট দল থেকেও বাদ দেননি- এটাই বড় কথা।’

লিটন-মুশফিকের কাছ থেকে সেরাটা পেতে হলে কী করণীয়? এ প্রশ্নের জবাবে ফাহিমের উত্তর, ‘আমাদের যেটা করনীয়, সেটা হলো মুশফিকের মানের খেলোয়াড়ের যথাযথ মূল্যায়ন ও সম্মানটা দেওয়া। একেকজনের একেকরকম। মুশফিকের সঙ্গে যে টানাপোড়েন চলছে, সেটা যত কম হবে তত ভাল খেলবে মুশফিক।’

‘মুশফিককে বাইরে থেকে বাড়তি কিছু বলার দরকার নেই। সে নিজ থেকে বাড়তি তাগিদ অনুভব করে। নিজের করণীয় ঠিক করে কাজগুলো ঠিক মতো করতেও জানে। আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের কোন কথায় ও পদক্ষেপে সে যেন নিজেকে অবমূল্যায়িত না ভাবে। তাহলেই আমার বিশ্বাস সে ভাল খেলবে।’

লিটন দাসের সম্পর্কে বলতে গিয়ে ফাহিমের পরামর্শ, ‘লিটন-সৌম্যদের স্থিতিশীল হওয়ার সুযোগ দেওয়া উচিৎ। তাদের সঙ্গে টিম ম্যানেজমেন্টের ব্যবহারেও সম্মানটা জরুরি।

তাদের বোঝাতে হবে এ দলটি তোমার। তাহলে লিটনরা দায়িত্ব সচেতন হবে, নিজেদের আরও গুরুত্বপূর্ণ মনে করবে। দলটা যে ওদের সে বিশ্বাসটা দিতে হবে। তখন দেখবেন তারাও আগের চেয়ে ধারাবাহিকভাবে ভালো খেলতে শুরু করবে।’
সুত্রঃ জাগো নিউজ

Facebook Notice for EU! You need to login to view and post FB Comments!