প্রচ্ছদ দৈনিক খবর

ভিয়েনা সংলাপকে ষষ্ঠ দফায় টেনে নেয়ার পরিকল্পনা নেই: রাশিয়া

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে আলোচনা চলছে তাকে ষষ্ঠ দফায় টেনে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাশিয়া। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ রোববার এক টুইটার বার্তায় এ ঘোষণা দেন।

তিনি বলেন, “পরমাণু সমঝোতা বিষয়ক ভিয়েনা সংলাপের পঞ্চম দফা আলোচনা চলছে। এখন পর্যন্ত ষষ্ঠ দফা আলোচনার কোনো পরিকল্পনা নেই।” তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে চলতি দফা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আভাস দিয়ে আরো লিখেছেন, “আলোচনা প্রক্রিয়া এমনভাবে চলছে যাতে চলতি পঞ্চম দফা আলোচনায়ই চূড়ান্ত সিদ্ধান্ত বের হয়ে আসে।”

এর আগে গত বুধবার ইরানের পাশাপাশি ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী পাঁচ জাতিগোষ্ঠী জানিয়েছিল, আলোচনায় অগ্রগতি হয়েলও কিছু ক্ষেত্রে এখনো মতপার্থক্য রয়ে গেছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ভিয়েনা সংলাপে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ভিয়েনা সংলাপে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে।

‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর এক বছর পর্যন্ত ইরান এই সমঝোতা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল কিন্তু অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন না করায় ৩৬ অনুচ্ছেদ অনুসারে ইরান সমঝোতার বেশকিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে এই সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। কিন্তু ইরান বলেছে, আমেরিকা আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এতে ফিরে আসতে হবে। ইরান ও আমেরিকার মধ্যকার মতপার্থক্যের এই জায়গাটি নিয়ে মূলত ভিয়েনায় ধারাবাহিক সংলাপ চলছে।#

পার্সটুডে/এমএমআই/৩১

bangla news।