প্রচ্ছদ দৈনিক খবর

ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে শীর্ষে বাংলাদেশ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ১০৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এমন জয়ের ফলে লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতলো টাইগাররা। এ ছাড়া শ্রীলঙ্কাকে হারিয়ে এদিন আইসিসির ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠেছে বাংলাদেশ।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন নিয়ম অনুযায়ী দলগুলোর জন্য প্রত্যেকটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ গুরুত্বপূর্ণ। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের প্রায় আড়াই বছর বাকি থাকলেও এখনই বিশ্বকাপের হাওয়া লেগেছে দলগুলোর মাঝে। প্রতিটি সিরিজ আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় বাড়তি গুরুত্ব বহন করছে। ফলে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে কেন্দ্র করে পয়েন্ট অর্জনে ব্যস্ত দলগুলো।

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় পূর্ণ পয়েন্ট অর্জনে চোখ ছিল বাংলাদেশ। যেখানে ইতোমধ্যে প্রথম দুই ম্যাচ জয় লাভ করে এই সিরিজে ২০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। ৫০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে সরিয়ে আইসিসির ওয়ানডে সুপার লিগের শীর্ষে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লঙ্কানদের বিপক্ষে সিরিজ শুরু করেছিল তামিম ইকবালের দল। প্রথম দুই ম্যাচ জিতে বর্তমান পয়েন্ট দাঁড়িয়েছে পঞ্চাশে।

৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে ইংল্যান্ড। সমান সংখ্যক ৪০ পয়েন্ট থাকলেও রান রেটের কারণে তিনে অবস্থান করছে পাকিস্তান আর চারে পাঁচবারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া। ৩০ পয়েন্ট নিয়ে পাঁচে নিউজিল্যান্ড। এরপর যথাক্রমে রয়েছে আফগানিস্তান (৩০), ওয়েস্ট ইন্ডিজ (৩০), ভারত (২৯), জিম্বাবুয়ে (১০), আয়ারল্যান্ড (১০), দক্ষিণ আফ্রিকা (৯)। এদিকে পয়েন্ট তালিকার ১২ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা।

এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেললেও আইসিসির ওয়ানডে সুপার লিগে তাঁরা কোন পয়েন্ট অর্জন করতে পারেনি। উল্টো তাঁদের পয়েন্ট মাইনাস ২। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় জরিমানা গুনে পয়েন্ট হারাতে হয়েছে লঙ্কানদের।