কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস গড়ে এক সময় বিজেপির হাত ধরে কেন্দ্রীয় মন্ত্রী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায় হালে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চরম বিরোধী হিসেবেই পরিচিত করেছেন নিজেকে।
ভারতের পার্লামেন্টে বিজেপির একচ্ছত্র আধিপত্যে প্রধান বিরোধী দল বলে কিছু যখন নেই, তখন মমতাকে নিজেদের কণ্ঠস্বর ভাবছেন আঞ্চলিকসহ সর্বভারতীয় দলগুলোর নেতারাও। রোববার ফলাফল স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তারা বার্তা পাঠিয়েছেন তৃণমূল নেত্রীকে। তাদের উচ্ছ্বাস.
অভিনন্দন এবং বিবৃতি থেকে স্পষ্ট, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের লড়াইটা মূলত আজ থেকেই শুরু হয়ে গেল তৃণমূল নেত্রীকে সামনে রেখে। সমাজবাদী পার্টি থেকে শিবসেনা, আপ থেকে ন্যাশনাল কনফারেন্স— সমস্ত শীর্ষ বিরোধী নেতারাই মোদী-অমিত শাহের সঙ্গে মমতার এই লড়াকু ভূমিকার অকুন্ঠ প্রশংসা করেছেন তাদের টুইট ও বিবৃতিতে।
এনসিপি প্রধান শরদ পওয়ার টুইট করে বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন তার এই দুর্দান্ত জয়ের জন্য। আসুন, মানুষের কল্যাণের জন্য আমরা একত্রে কাজ করতে থাকি এবং সবাই মিলে এই অতিমারির মোকাবিলা করি।”













































