প্রচ্ছদ দৈনিক খবর

ভারতের সর্বকালের সেরা টেস্ট একাদশে ঋষভ পন্ত

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

যুগে যুগে ভারতের ক্রিকেট রাঙিয়ে যাওয়া ক্রিকেটারের তো অভাব নেই। এঁদের মধ্য থেকে ১১ জনকে নিয়ে সর্বকালের সেরা টেস্ট একাদশ গঠন বেশ জটিল ব্যাপারই বটে। এই ক্রিকেটারকে রাখবেন না ওই ক্রিকেটারকে…

এ ঝামেলায় পড়ার শঙ্কা তো থাকেই, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিন্নতা, দলে অবদানের পার্থক্য—এ সব মিলিয়ে সর্বকালের সেরা টেস্ট একাদশ গঠন প্রায় অসম্ভব এক কাজ। যে কারণে ‘সর্বকালের সেরা’ ধারণাটিই প্রশ্নবিদ্ধ। এ থেকে বাঁচার জন্যই হয়তো, নতুন এক পথ বের করেছে উইজডেন ইন্ডিয়া। ক্রিকেটের বিখ্যাত সাময়িকীটির ভারতীয় সংস্করণ ভারতের সর্বকালের সেরা টেস্ট একাদশ গঠন করেছে আইসিসির সর্বকালের সেরা টেস্ট র‍্যাঙ্কিংয়ে ক্রিকেটারদের অবস্থানের ভিত্তিতে।

তবে সে একাদশও চমক জাগানোর মতো। মাত্র ২০টি টেস্ট খেলা ঋষভ পন্ত ঢুকে গেছেন একাদশে, অথচ সেখানে জায়গা হয়নি ভারতের দুই কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও মহেন্দ্র সিং ধোনির। একাদশ গঠনে সহজ এক সূত্র বের করেছে উইজডেন ইন্ডিয়া। ক্যারিয়ারে একজন ক্রিকেটারের সবচেয়ে বেশি রেটিং পয়েন্টের ভিত্তিতে আইসিসি সর্বকালের সেরা র‍্যাঙ্কিংয়ের তালিকা করেছে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণেই। সেখান থেকে ভারতের সেরা পাঁচ ব্যাটসম্যান, সেরা উইকেটকিপার, সেরা অলরাউন্ডার ও সেরা চার বোলার নিয়ে নিয়েছে উইজডেন ইন্ডিয়া। উইকেটকিপারের হিসাবে এসেছেন ঋষভ পন্ত, অলরাউন্ডারের কোটায় দলে ঢুকেছেন রবিচন্দ্রন অশ্বিন। একাদশটা দেখে নেওয়া যাক—

সুনীল গাভাস্কার: সর্বোচ্চ রেটিং পয়েন্ট: ৯১৬ পয়েন্ট
ভারত ছাপিয়ে ক্রিকেট ইতিহাসেরই সর্বকালের সেরা ওপেনারদের একজন গাভাস্কার ভারতের জার্সিতে টেস্ট খেলেছেন ১২৫টি। তাতে ৫১.১২ গড়ে ১০ হাজার ১২২ রান সত্তর-আশির দশকে ভারতের ‘রান মেশিন’ গাভাস্কারের। তাঁর ৩৪টির চেয়ে বেশি সেঞ্চুরি ইতিহাসে আর কোনো ওপেনারের নেই। ১০০-র বেশি টেস্ট খেলেছেন, এমন ওপেনারদের মধ্যে ৫০-এর বেশি গড় তিনি ছাড়া আছে আর শুধু অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনের। ভারতের যে দুজন আইসিসির সর্বকালের সেরা র‍্যাঙ্কিংয়ে ৯০০-র বেশি পয়েন্ট পেয়েছেন, তাঁদের একজন গাভাস্কারের একাদশে তো থাকারই কথা।

রাহুল দ্রাবিড়: সর্বোচ্চ রেটিং পয়েন্ট: ৮৯২ পয়েন্ট
ভারতের লাইনআপে তিন নম্বর জায়গাটাকে নিজের বানিয়ে রেখেছিলেন, রানও করে গেছেন নিরলস। ১৬৪ টেস্ট, ৫২.৩১ গড়, ১৩ হাজার ২৮৮ রান, ৩৬টি সেঞ্চুরি…ভারতের অবিসংবাদিত কিংবদন্তিদের একজন দ্রাবিড়। টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক দ্রাবিড়ের ডাবল সেঞ্চুরিও আছে পাঁচটি। যেসব দেশে সফরে গেছেন, প্রতিটিতেই অন্তত একটি করে সেঞ্চুরি আছে তাঁর।

চেতেশ্বর পূজারা: সর্বোচ্চ রেটিং পয়েন্ট: ৮৮৮ পয়েন্ট
রাহুল দ্রাবিড় – ২? বলা যায় তাঁকে! ভারতের বর্তমান লাইনআপে দৃঢ়তার প্রতিশব্দ তাঁর নাম। ৪৫-এর বেশি গড়, তিনটি ডাবল-সেঞ্চুরি আছে। পূজারার সেরা রূপটা দেখা গেছে ২০১৮-১৯ অস্ট্রেলিয়া সফরে। সেখানে ৭৪.৪২ গড়ে ৫২১ রান করা পূজারা সেবার আইসিসি র‍্যাঙ্কিংয়ের তিনে উঠে এসেছিলেন।

শচীন টেন্ডুলকার:সর্বোচ্চ রেটিং পয়েন্ট: ৮৯৮ পয়েন্ট
ভারতের কোনো সর্বকালের সেরা একাদশ হবে আর তাতে তর্ক সাপেক্ষে ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান থাকবেন না, তা হয়? উইজডেন ইন্ডিয়ার একাদশে চার নম্বরে নামবেন টেন্ডুলকার, ২০০ টেস্টের ক্যারিয়ারে ১৫৯২১ রানের মধ্যে ১৩ হাজারের বেশি রানই টেন্ডুলকার করেছেন চার নম্বরে নেমে। ক্যারিয়ারে ৫৩.৭৮ গড়ে রান করে যাওয়া লিটল মাস্টার প্রতিটি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে অন্তত ৪০ গড় রেখেছেন। দেশের মাটিতে তাঁর গড় যেখানে ৫২.৬৭, বিদেশে সেটি ৫৪.৭৪। আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে প্রথমবার উঠেছিলেন ১৯৯৪ সালে।

বিরাট কোহলি: সর্বোচ্চ রেটিং পয়েন্ট: ৯৩৭ পয়েন্ট
সময়ের ক্রিকেটারদের মধ্যে সর্বকালের সেরাদের তালিকায় এখনই বিবেচিত হওয়ার মতো যে অল্প কজন ক্রিকেটার আছেন, ভারতের বর্তমান অধিনায়ক তাঁদের একজন। শুরু থেকেই আলো ছড়াতে থাকা ৯১ টেস্টের ক্যারিয়ারে ২৭ সেঞ্চুরিসহ ৭৪৯০ রান, গত দশকের দ্বিতীয় ভাগেই রানের বানটা বেশি এসেছে কোহলির ব্যাটে। ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে ৭টি ডাবল সেঞ্চুরি আছে তাঁর। আইসিসির সর্বকালের সেরা র‍্যাঙ্কিংয়ের হিসাবে ভারতের সবচেয়ে বেশি রেটিং পাওয়া ব্যাটসম্যানও কোহলি। উইজডেন ইন্ডিয়া কোহলিকেই বানিয়েছে এ দলের অধিনায়ক।

ঋষভ পন্ত:সর্বোচ্চ রেটিং পয়েন্ট: ৭৪৭ পয়েন্ট
গত ছয় মাসে চোখধাঁধানো সাফল্য তাঁর। প্রথমে অস্ট্রেলিয়া সফরে ম্যাচ জেতানো ইনিংস, এরপর দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে। আইসিসির র‍্যাঙ্কিংয়ের সেরা দশের মধ্যে ঢোকা একমাত্র ভারতীয় উইকেটকিপার। এখনো তিন বছর হয়নি তাঁর টেস্ট ক্যারিয়ারের, এর মধ্যে এক ম্যাচে সবচেয়ে বেশি ডিসমিসাল (১১), টেস্টে দ্রুততম ১০০০ রান করা ভারতীয় উইকেটকিপারসহ বেশ কিছু রেকর্ড তাঁর দখলে। এই মুহূর্তে র‍্যাঙ্কিংয়ে ৯ম তিনি।

কপিল দেব: সর্বোচ্চ রেটিং পয়েন্ট: ৮৭৭ পয়েন্ট
ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার যে তিনিই, এ নিয়ে তর্ক করার মানুষ হয়তো খুব বেশি পাওয়া যাবে না। র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার হিসেবেই অবসর নিয়েছেন, যে চূড়ায় তিনি প্রথম উঠেছেন ১৯৯২ সালে। এর আগে ১৯৭৯ সালেই টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে গিয়েছিলেন কপিল। ১৩১ টেস্টের ক্যারিয়ারে তাঁর ৪৩৪ উইকেটের চেয়ে বেশি এশিয়ার পেসারদের মধ্যে কেউ এখনো পাননি।

রবিচন্দ্রন অশ্বিন: সর্বোচ্চ রেটিং পয়েন্ট (বোলার): ৯০৪ পয়েন্ট
সর্বোচ্চ রেটিং পয়েন্ট (অলরাউন্ডার): ৪৯২ পয়েন্ট
৭৮ টেস্টের ক্যারিয়ারটা ২০১৬ সালের পর থেকে আরও নতুন উচ্চতায় উঠছে নিয়মিত। টেস্টে ২৫০ উইকেট, ৩০০ উইকেট কিংবা ৩৫০ উইকেট—তিন মাইলফলকেই দ্রুততম ডানহাতি অফ স্পিনার। ২০১৫ সালের পর থেকে তাঁর বোলিং গড় (প্রতি উইকেটের পেছনে গড়ে কত রান খরচ করছেন) ২৮-এর বেশি যায়নি। টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অশ্বিন প্রথম উঠেছেন ২০১৩ সালে, ব্যাট হাতে পাঁচটি সেঞ্চুরিও আছে তাঁর।

রবীন্দ্র জাদেজা: সর্বোচ্চ রেটিং পয়েন্ট: ৮৯৯ পয়েন্ট
ভারতের অলরাউন্ডারদের মধ্যে এ সময়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে তিনি। বিশ্বজুড়ে অলরাউন্ডারদের টেস্ট র‍্যাঙ্কিংয়ের চূড়ায় প্রথমবার উঠেছেন ২০১৭ সালে, সে বছর বোলারদের র‍্যাঙ্কিংয়েও শীর্ষে উঠেছিলেন। ৫১ টেস্টে ২২০ উইকেটের মধ্যে ১৫৭টিই জাদেজা নিয়েছেন নিজেদের মাঠে।

অনিল কুম্বলে: সর্বোচ্চ রেটিং পয়েন্ট: ৮৫৯ পয়েন্ট
তর্ক সাপেক্ষে ভারতের ম্যাচ জেতানো বোলারদের মধ্যে সেরা। টেস্ট ইতিহাসে ইনিংসে ১০ উইকেট নেওয়া দুই বোলারের একজন কুম্বলে, ১৩২ টেস্টের ক্যারিয়ারে তাঁর ৬১৯ উইকেট ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি। ১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত সময়ে প্রতি মৌসুমেই অন্তত একবার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন কুম্বলে।

যশপ্রীত বুমরা: সর্বোচ্চ রেটিং পয়েন্ট: ৮৩৫ পয়েন্ট
মাত্র ১৯ টেস্ট খেলেছেন, এখনো উইকেটের ঘর ১০০ পেরোয়নি (৮৮ উইকেট)। কিন্তু যশপ্রীত বুমরাকে ছাড়া এখনকার ভারতীয় দলের বোলিং আক্রমণ চিন্তা করা যায় না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ইনিংসে পাঁচ উইকেটের কীর্তি আছে তাঁর। টেস্ট হ্যাটট্রিক করা তিন ভারতীয়র একজনও তিনি