বগুড়ার আদমদীঘিতে শারমিন আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী রহস্যজনকভাবে উধাও হয়েছেন। চারদিন ধরে খুঁজেও তার সন্ধান পাচ্ছে না পরিবার। শারমিন আক্তার ওই উপজেলার কেশরতা গ্রামের প্রবাসী জাকারিয়ার স্ত্রী ও একই গ্রামের বেলাল হোসেনের মেয়ে।
জানা গেছে, প্রায় সাত বছর আগে জাকারিয়ার সঙ্গে শারমিনের বিয়ে হয়। তারা নিঃসন্তান। এক বছর আগে জাকারিয়া সৌদি আরবে যান। এরপর থেকেই শারমিন তার বাবার বাড়িতে থাকতেন। নিখোঁজ গৃহবধূর শাশুড়ি জাফেলা বেগম জানান, মঙ্গলবার (১ জুন) দুপুরে স্বামীর পাঠানো টাকা তুলতে আদমদীঘি ব্যাংকে যান শারমিন।
এরপর আর বাড়ি ফিরে আসেননি। চারদিন ধরে সম্ভাব্য সব জায়গায় তাকে খোঁজা হচ্ছে কিন্তু কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।













































