প্রচ্ছদ দৈনিক খবর

পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

১৬৭ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। নিজেদের অষ্টম ম্যাচে পাঞ্জাব কিংসকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠেছে দিল্লি। দলটির হয়ে ৪৭ বলে ৬৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন শিখর ধাওয়ান।

জয়ের জন্য ১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ ও ধাওয়ান। ইনিংসের শুরু থেকেই দিল্লির বোলারদের ওপর চড়াও হন পৃথ্বী। যদিও ধাওয়ান ছিলেন কিছুটা ধীরগতির। ২২ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে পৃথ্বী ফিরলে ভাঙে তাঁদের দুজনের ৬৩ রানের উদ্বোধনী জুটি। এরপর তিনে নেমে ধাওয়ানকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক খেলেছেন ২২ বলে ২৪ রানের ইনিংস।

স্মিথ ফেরার পর হাফ সেঞ্চুরি তুলে নেন ধাওয়ান। ছক্কা মেরে ৩৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি এই ওপেনার। আইপিএলের ইতিহাসে এটি তাঁর ৪৪তম হাফ সেঞ্চুরি। চারে নেমে ঋষভ পান্ত ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। দিল্লির এই অধিনাক ফিরেছেন ১১ বলে ১৪ রান করে। শেষ দিকে ২ ছক্কা ও ১ চার মেরে ৪ বলে ১৬ রান করে ১৪ বল বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করেন শিমরন হেটমায়ার। এ জয়ে চেন্নাই সুপার কিংসকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠেছে দিল্লি। যদিও তারা একটি ম্যাচ বেশি খেলেছে।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দিতে পারেননি মায়াঙ্ক আগারওয়াল ও প্রভশিমরান সিং। দলীয় মাত্র ১৭ রানেই সাজঘরে ফিরেন প্রভশিমরান। কাগিসো রাবাদার বলে দারুণ এক ক্যাচ নেন স্মিথ। তাতে ১৬ বলে ১২ রান করে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন তরুণ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তিনে নামা ক্রিস গেইলও এদিন থিতু হতে পারেননি। রাবাদার প্রথম বলে ছক্কা মারলেও পরের বলেই দারুণ এক ফুলটসে বোল্ড আউট হন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান।

গেল ম্যাচে দারুণ ব্যাটিং করা গেইল এদিন ফিরেছেন ৯ বলে ১৩ রান করে। এরপর অবশ্য ডেভিড মালানকে নিয়ে শুরুর বিপর্যয় সামাল দেন আগাওয়াল। প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়েও বড় ইনিংস খেলতে পারেননি মালান। ২৬ বলে ২৬ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড আউট হয়েছেন এই ইংলিশ ব্যাটসম্যান। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নিলেও এরপর আর কোনো ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি দীপক হুডা। মাত্র ১ বলে ১ রান করে এদিন রান আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

শাহরুখ খান, ক্রিস জর্ডানরাও ছিলেন আসা-যাওয়ার মিছিলে। তবে অন্য প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করছিলেন আগাওয়াল। লোকেশ রাহুলের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া আগাওয়াল এদিন খেলেছেন ৫৮ বলে ৯৯ রানের অনবদ্য ইনিংস। তাঁর এমন ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান তুলে পাঞ্জাব।