টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের ১৩ দিন পর মিলেছে স্কুলছাত্র শিশির আহম্মেদের খোঁজ। মঙ্গলবার রাতে প্রাইভেটকারসহ তাকে উদ্ধার করে ঘাটাইল থানার পুলিশ। শিশু শিশুর আহম্মেদ ওই উপজেলার সাগরদিঘী ইউনিয়নের ফুলমালিরচালা গ্রামের মজিবর রহমানের ছেলে।
প্রাইভেটকারের মালিক ববিন সরকার জানান, গাড়িসহ নিখোঁজ হওয়ার ১৩ দিন পর মঙ্গলবার রাতে গাড়িসহ শিশির ঘাটাইলে আসে। সে উপজেলা পরিষদের সামনে প্রাপ্তি হোটেলের কাছে গাড়িটি রেখে খেতে যায়। ওই সময় সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যানের গাড়িচালক আকাশ গাড়িটি দেখতে পান। পরে তিনি হোটেলের ভেতর ঢুকে শিশিরের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেন। শিশির ওই সময় হোটেল থেকে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে শিশিরের বাবা এবং প্রাইভেটকারটির মালিক থানায় যান। তাদের সহযোগিতায় রাতেই একই উপজেলার হরিপুর থেকে শিশিরকে উদ্ধার করা হয়। শিশিরের বাবা মজিবুর রহমান জানান, শিশির স্থানীয় একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করত।
১৩ দিন নিখোঁজ থাকা অবস্থায় সে ঢাকা, সিরাজগঞ্জ, জামালপুর, গাজীপুরসহ বিভিন্ন স্থানে ওই প্রাইভেটকারে যাত্রী পরিবহন করেছে। ঘাটাইল থানার এসআই মতিউর রহমান জানান, গাড়িটি নিয়ে গত ২০ মে রাতে উধাও হয় শিশির। ২২ মে গাড়ির মালিক থানায় অভিযোগ দেন এবং পরদিন শিশিরের বাবা জিডি করেন।
মঙ্গলবার রাতে শিশির নিজেই গাড়িসহ ঘাটাইল এলে উপজেলা সদর থেকে গাড়ি ও হরিপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ওই রাতেই গাড়িটি মালিককে ফেরত দেয়া ও শিশিরকে তার বাবার জিম্মায় দেয়া হয়েছে। তারা জিডি ও অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।













































