প্রচ্ছদ দৈনিক খবর

নাইট রাইডার্স ছেড়ে সেন্ট কিটসে ব্রাভো

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

নাইট রাইডার্স ছাড়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন ব্রাভো। নাইট রাইডার্স কর্তৃপক্ষকে অনুরোধ করায় সেটা তারা মেনেও নিয়েছেন।  নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডোয়াইন ব্রাভো। কিন্তু ২০২১ মৌসুমে আর বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে থাকছেন না তিনি।

২০২১ মৌসুমে এই অলরাউন্ডারকে দেখা যাবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের জার্সিতে। ফলে ট্রেডিংয়ের মাধ্যমেই নতুন দলে যোগ দিয়েছেন ব্রাভো। দলবদলের অংশ হিসেবে সেইন্ট কিটস থেকে ত্রিনবাগো নাইট রাইডার্সে যোগ দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ রামদিন। এর আগে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত নাইট রাইডার্সেই ছিলেন রামদিন। মাঝে এক মৌসুম বিরতি দিয়ে আবার নিজের পুরোনো ক্লাবেই ফিরলেন তিনি।

৩৭ বছর বয়সী ব্রাভো জানিয়েছেন, ‘ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমার একটা নতুন চ্যালেঞ্জ প্রয়োজন ছিল। যা হলো তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করা এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য অবদান রাখা।’ তিনি আরও যোগ করেন, ‘সেইন্ট কিটসের অংশ হয়ে সিপিএলে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবো আমি। ত্রিনবাগো নাইট রাইডার্সকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। ক্রিকেটের বাইরে ত্রিনিদাদ এন্ড টোবাগোর জন্য তারা যা করেছে, সেজন্যও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

২০১৩ থেকে ২০২০ মৌসুম পর্যন্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়েই খেলেছেন ব্রাভো। এর মধ্যে চার মৌসুমে জয়ের স্বাদ পেয়েছেন তিনি। যার মধ্যে ৩বার তিনিই অধিনায়ক ছিলেন। ২০১৫, ২০১৭ ও ২০১৮ সালে তার অধিনায়কত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল নাইট রাইডার্স। এছাড়া গত মৌসুমে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে কাইরন পোলার্ডের সহ-অধিনায়ক ছিলেন তিনি। এবার নতুন ডেপুটি খুঁজছে টিকেআর।

ব্রাভো চলে যাওয়ায় পোলার্ডের ডেপুটি হিসেবে সুনিল নারিনকে প্রস্তুত করার কথা ভাবছে নাইট রাইডার্স কর্তৃপক্ষ। আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের নবম আসর। সবকটি ম্যাচ হবে সেন্ট কিটসেই।