বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। ফলে দেশে ফিরতে হচ্ছে আইপিএলের সঙ্গে সম্পৃক্ত ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের।
ভারতের করোনা পরিস্থিতির ভালো না হওয়ায় দেশে ফিরতে বেগ পেতে হচ্ছে ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা সহসায় দেশে ফিরতে না পারলেও ইতোমধ্যে দেশে ফিরেছেন ইংল্যান্ডের ৮ ক্রিকেটার। আইপিএলের এবারের আসরে ইংল্যান্ডের মোট ১১ ক্রিকেটার অংশগ্রহণ করলেও দেশে ফিরেছেন কেবল ৮ জন। ইংল্যান্ডে ফেরা ক্রিকেটারদের মাঝে রয়েছেন, জস বাটলার, জনি বেয়ারস্টো, স্যাম কারান, টম কারান স্যাম বিলিংস, ক্রিস ওকস, মঈন আলী এবং জেসন রয়।
এই ৮ ক্রিকেটার দেশে ফিরলেও এখন ভারতে রয়েছেন ইয়ন মরগান, ডেভিড মালান এবং ক্রিস জর্ডান। তবে ধারণা করা হচ্ছে আগামী ৪৮ ঘণ্টার মাঝেই ভারত ছাড়বেন ইংল্যান্ডের এই তিন ক্রিকেটার। দেশে ফিরলেও সহসায় নিজেদের কাউন্টি দলগুলোর সঙ্গে যোগ দিতে পারছেন না ইংল্যান্ডের ক্রিকেটাররা। ভারতের করোনা পরিস্থিতি ভালো না হওয়ায় ভারতের সঙ্গে সীমানায় কড়াকড়ি নিয়ম জারি করেছে ইংল্যান্ড সরকার।
দেশটির সরকারের নিয়ম অনুযায়ী, কেউ ভারত থেকে ফিরলে অন্তত ১০ দিনের বাধ্যমতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেই সঙ্গে ওই ১০ দিনের মাঝে দুইবার করোনা পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলেই কেবল ১০ দিন পর কোয়ারেন্টাইন থেকে বের হতে পারবেন বাটলার-মরগানরা।













































