আগামী ১৮ই জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের। যেখানে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ভারত। কিন্তু খেলা তো ৫ দিনের। ম্যাচ ড্র বা টাই হলে চ্যাম্পিয়ন হবে কোন দল? এর সমাধান দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
![]()
ম্যাচ ড্র বা টাই হলে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দুই দলকে। আইসিসি কতৃক প্রণিত প্লেয়িং কন্ডিশন নিশ্চিত করেছে, ফাইনাল ম্যাচটি ড্র বা টাই হলে দুই দলকেই যৌথ বিজয়ী ঘোষণা করা হবে। এ ছাড়া থাকছে রিজার্ভ ডেও। যদি ফাইনালের ৫ দিনে নির্ধারিত সময়ের চেয়ে কম সময় খেলা হয় তবে রিজার্ভ ডের মাধ্যমে সেই সময় পূর্ণ করা হবে এবং নিশ্চিত করা হবে যে ৫ দিনেই পূর্ণ সময় খেলা হয়েছে।
![]()
ফাইনালের সূচি অনুযায়ী আগামী ১৮ থেকে ২২ জুন এই পাঁচদিন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে এবং ২৩ জুনকে রিজার্ভ ডে হিসেবে রেখেছে আইসিসি। যদিও এই দুটি সিদ্ধান্ত নেয়া হয়েছিল ২০১৮ সালেই যখন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তা চূড়ান্ত করা হলো ফাইনালের আগে। যদি ৫দিন পূর্ণ সময় খেলা হয় এবং তারপরেও যদি ম্যাচটির ইতিবাচক কোন ফলাফল না আসে সেক্ষেত্রে খেলা ৬ষ্ঠ দিনে গড়াবে না।
![]()
অর্থ্যাৎ রিজার্ভ ডে এ ক্ষেত্রে কাজ করবে না। তখন ম্যাচটিকে টাই বা ড্র বলে ঘোষণা করা হবে এবং উভয় দলই টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল হিসেবে গন্য হবে। ম্যাচে কোনও সময় নষ্ট হয়েছে কি না তা সবসময় হালনাগাদ করবেন আইসিসি ম্যাচ রেফারি এবং তা দুই দল ও গণমাধ্যমকে জানিয়ে দেবেন। রিজার্ভ ডেতে খেলার প্রয়োজন রয়েছে কি না তা পঞ্চম দিনের শেষ ঘণ্টায় ঘোষণা করবেন তিনি। ম্যাচটি গ্রেড ওয়ান ডিউক ক্রিকেট বল দিয়ে খেলা হবে বলেও জানিয়েছে আইসিসি।
![]()
গোটা টুর্নামেন্ট জুড়েই ভারত দল যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। বিরাট কোহলির নেতৃত্বে তারা পয়েন্ট টেবিলে প্রথম স্থানও অর্জন করেছে তারা। আর দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। এই ফাইনাল ম্যাচ খেলতে নিউজ়িল্যান্ড ক্রিকেট দল ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌছেছে। অন্যদিকে ভারতীয় ক্রিকেটাররা আগামী ২ জুন রওনা দেবে।













































