সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কমেছে পাকিস্তানি কক বা সোনালী মুরগির দাম। তবে অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দাম।শুক্রবার (২৮ মে) রাজধানীর রামপুরা, নাখালপাড়া, মহাখালী কাঁচাবাজার, মগবাজার চারুলতা মার্কেট, মালিবাগ, মালিবাগ রেলগেট বাজার, মগবাজার শান্তিনগর, সেগুনবাগিচা, ফকিরাপুল, মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি বাজার ও খিলগাঁও কাঁচা বাজার ঘুরে এমন চিত্রই উঠে এসেছে।
এসব বাজার ঘুরে দেখা গেছে, আগের সপ্তাহের মতো কেজিপ্রতি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। এছাড়াও লাল লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা। আর সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২৩০ থেকে ২৫০ টাকার মধ্যে।
রামপুরার ব্যবসায়ী সানাউল বলেন, লেয়ার মুরগির থেকে এখন সোনালী মুরগি কম দামে বিক্রি হচ্ছে। এছাড়াও ব্রয়লার মুরগি আগের দামেই বিক্রি হচ্ছে।মুরগির দামের বিষয়ে খিলগাঁওয়ের ব্যবসায়ী মো. জুয়েল বলেন, ঈদের পর কিছুদিন ব্রয়লার মুরগির চাহিদা কম ছিল। এখন বাজারে ব্রয়লার মুরগির প্রচুর চাহিদা রয়েছে। এত চাহিদা না থাকলে ব্রয়লার মুরগির কেজি ১২০ টাকায় নেমে আসত।
তিনি বলেন, সোনালী মুরগি দাম কমে যাওয়ায় মানুষ এখন এই মুরগি কিনছে বেশি। বাজারেও সোনালী মুরগির সরবরাহ অনেক ভালো। তবে আমাদের ধারণা কিছুদিনের মধ্যে সোনালী মুরগির দাম বেড়ে যেতে পারে।













































