স্বপ্নের শুরুটা দিনে দিনে যেন দুঃস্বপ্ন হয়ে উঠেছিল মোস্তাফিজের কাছে। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে ও টেস্ট অভিষেকে ম্যাচ সেরার পুরস্কার জেতা মোস্তাফিজ বাজে পারফরম্যান্সের কারণে জায়গা হয়না টেস্ট দলে৷
যে মোস্তাফিজ জিতলেন একমাত্র বিদেশী হিসেবে সেরা ইমার্জিংয়ের পুরস্কার সেই মোস্তাফিজই জায়গা পাননা আইপিএলে নিজ দলের একাদশে। এরপর অনেকেই ভেবেছিলেন হয়ত হারিয়ে যাচ্ছেন মোস্তাফিজ। তবে এবারের আইপিএলে আবারো মোস্তাফিজকে দেখা গিয়েছে অনেকটা পুরনো রুপে৷ যেন আবারো ছন্দ ফিরে পেয়েছেন। নিজের এই পরিবর্তন কিংবা হারিয়ে যাওয়া পুরোটাই নিজের জন্যই বলছেন মোস্তাফিজ।
বোলিংয়ে কোন পরামর্শ কিংবা নতুনত্ব আনতে কোন কোচই কাজ করেনি বলে জানিয়েছেন সাতক্ষীরার এই পেসার। মোস্তাফিজ এ ব্যাপারে সম্প্রতি এক গণমাধ্যমকে বলেন, ‘কোনো কোচ আমার অ্যাকশনে পরিবর্তন বা এ ধরণের কোন পরামর্শ দেয়নি। নিজে নিজেই কাজ করেছি। দলের সিনিয়রদের সাথে কথা বলেছি।’ তবে নিজের দুঃসময়ের জন্য কাউকে দায়ী করেননি মোস্তাফিজ। বলেছেন ইনজুরির কারণেই এই উত্থান পতন, ‘একেবারে খারাপ কিন্তু করিনি।
দেখুন, আমি যে বলটা করি সেটা বা-হাতের স্পিন বলা যায়, অফ স্ট্যাম্পের বাইরের দিকে যায়। এমন বল ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার গতিতে করতে গেলে কাঁধে বাড়তি জোর লাগে, যা করাটা সার্জারির পর খানিকটা কঠিন হয়ে গিয়েছিল।’













































