পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি গুলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিকট লিখিত আবেদন করেছে পিএসএল পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সরিয়ে নিতে। এমনটিই জানিয়েছে ক্রিকইনফো। পাকিস্তানের চেয়ে মরুর দেশটাই তাদের কাছে কিছুটা হলেও নিরাপদ মনে হচ্ছে।
গতকাল (মঙ্গলবার) একাধিক খেলোয়াড় এবং কোচিং স্টাফ সদস্য করোনা পজেটিভ হবার দরুণ ভেস্তে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। মাস খানেক আগে একই পরিণতি ঘটেছিল পাকিস্তানের লিগটির। তবে পুনরায় আসরটি চালু করার জন্য দিনক্ষণ চুড়ান্ত করছে পিসিবি। ১ জুন থেকে ২০ জুন পর্যন্ত পাকিস্তানের করাচি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে বাকি থাকা ম্যাচগুলো। করাচি থেকে ইউএই’তে পিএসএল স্থানান্তরিত করার বিষয়ে পিসিবির একটি সুত্র জানাচ্ছে,
“আমরা ফ্র্যাঞ্চাইজি গুলোর আবেদন পেয়েছি। আমরা তাদের আবেদন আমলে নিয়ে পুনরায় সিদ্ধান্ত নেয়ার চিন্তাভাবনা করছি।”পূর্ব নির্ধারিত সূচি অনুসারে ২৩ মে করাচিতে পৌঁছে ৭ দিনের কোয়ারেন্টাইন করে টুর্নামেন্ট শুরুর কথা ছিল দলগুলোর। লিগ স্টেজের ১৬টি খেলা শেষ হবার কথা ছিল ১৪ জুনের মধ্যে। ১৬ থেকে ১৮ জুন হবার কথা ছিল প্লে-অফ এবং ফাইনাল হবার কথা ছিল ২০ জুন। গতবার টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ায় এবার কোভিড প্রটোকল বাইলজ নিয়ে খুবই সিরিয়াস পিসিবি।
গত সপ্তাহে গঠন করা হয়েছে দুই সদস্যের বোর্ড যারা বায়ো বাবল সিস্টেম টিকিয়ে রাখার জন্য কাজ করবে। তবে ফ্র্যাঞ্চাইজি গুলোর আবেদন আমলে নিয়ে কাজ করছে পিসিবি। স্থানান্তরিত হতে পারে পিএসএল ৬ষ্ঠ আসরের বাকি থাকা ম্যাচগুলোর ভেন্যু।













































