ভারতের তিন ফরম্যাটের দলেই প্রায় নিয়মিত মুখ ঋষভ পান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে ইতোমধ্যে নিজেকে প্রমাণ করেছেন ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বিশেষ করে তাঁর মারকুটে ব্যাটিং আলোচনার খোঁড়াক জুগিয়েছে।
![]()
ভারতের আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক জানিয়েছেন, তিনি পান্তের মধ্যে বীরেন্দর শেবাগ-অ্যাডাম গিলক্রিস্টদের ছায়া দেখছেন। তারা যেভাবে প্রতিপক্ষের মনে ভয় ঢুকিয়ে দিতেন। সেভাবে পান্তও প্রতিপক্ষকে ভয় পাইয়ে দিতে পারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্তিক বলেন, ‘সে দলে ভারসাম্য এনে দেয় এবং ম্যানেজমেন্ট এজন্য একজন বাড়তি ব্যাটসম্যান বা বোলার খেলাতে পারে প্রয়োজন মতো।
![]()
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সে যেভাবে প্রতিপক্ষের মনে ভয় ঢুকিয়ে দেয়। পান্তের মধ্যে বীরেন্দর শেবাগ অথবা অ্যাডাম গিলক্রিস্টদের মতো প্রভাব রয়েছে।’ অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে সিরিজ জিততে দারুণ ভূমিকা রেখেছিলেন পান্ত। সেই সঙ্গে দলের বিপর্যয়ে ব্যাট হাতে পারফর্ম করে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে সাহায্য করেছেন।
![]()
আসন্ন ইংল্যান্ড সিরিজেও তাঁর ব্যাটে তাকিয়ে থাকবে বিরাট কোহলির দল। ২০১৮ সালে এই ইংল্যান্ডের বিপক্ষেই শেষ টেস্টে ১১৪ রানের ইনিংস খেলে ওভালে ভারতকে লড়াইয়ে রেখেছিলেন পান্ত। যদিও শেষ টেস্ট হেরে ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করেছিল বিরাট কোহলির দল। এরপর অস্ট্রেলিয়া সফরেও নিজের জাত চিনিয়েছিলেন পান্ত।
![]()
২০১৯ সালে অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে তিনি খেলেছিলেন ১৫৯ রানের অপরাজিত ইনিংস। পান্ত ছাড়া আর কোনো ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যানদের ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি নেই।













































