সাদা পোশাকে ভারতের সবচেয়ে বড় ব্যাটিং স্তম্ভ চেতেশ্বর পুজারা। বর্তমান সময়ে তাকে ছাড়া ভারতের টেস্ট দল কল্পনাই করা যায় না। ইতোমধ্যে উপমহাদেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পুজারা।
যদিও তাঁর এই পথটা এতো সহজ ছিল না। অনেক চড়াই উৎরাই পার হয়ে তাকে এই অবস্থানে আসতে হয়েছে। ক্যারিয়ারের এক পর্যায়ে তো ইনজুরিতে পড়ে ভেঙেই পড়েছিলেন তিনি। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প বলেছেন পুজারা।সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জীবনের প্রথম চোট যখন পেলাম, আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় ছিল সেটি। আমাদের ফিজিও যখন আমার কাছে এসে বললেন, সেরে উঠতে ৬ মাস সময় লাগবে,
আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে কাঁদতে শুরু করেছিলাম।’ পুজারার স্কিল, টেকনিক বা ধৈর্য নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তবে সাম্প্রতিক সময়ে নিজের মানসিকতা বদলে আরও বেশি সুফল পাচ্ছেন তিনি। যদিও তিনি জানিয়েছেন, প্রথমবার চোটে পড়ে হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছিলেন তিনি। এই ভারতীয় ব্যাটসম্যানের ভাষ্য, ‘পুরোপুরি নেতিবাচক ডুবে গিয়েছিলাম তখন। ‘আবার কি খেলাটা খেলতে পারব?’ ‘আন্তর্জাতিক পর্যায়ে আবার মাঠে নামতে পারব?’, সবসময় এসব মনে হতো।’
মূলত পরিবার ও বন্ধুদের সাহায্যেই ঘুরে দাঁড়ানোর রসদ পেয়েছিলেন পুজারা। সেই থেকেই ভাগ্য বদলে গেছে তাঁর। তিনি বলেন, ‘ধীরে ধীরে আমি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে শুরু করলাম। বাবা, বন্ধুরা আমার পাশে দাঁড়াল, সবাই ইতিবাচক কথা বলল যে এখান থেকে আমি বেরিয়ে আসতে পারব, দুর্ভাবনার কারণ নেই। এক পর্যায়ে আমি ভবিষ্যৎ নিয়ে ভাবনা বাদ দিয়ে বর্তমানে মনোযোগ দিলাম।













































