শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে অনায়াস দুই জয়ে এগিয়ে যাওয়ার পর শেষ ম্যাচটায়ও হেসেখেলে জিতবে টাইগাররা, ধারণা করেছিলেন সবাই।





কিন্তু দ্বিতীয় ম্যাচে ১০৩ রানের জয় পাওয়া স্বাগতিক দল হোয়াইটওয়াশ করতে নেমে তৃতীয় ও শেষ ওয়ানডেতে উল্টো পেয়েছে ৯৭ রানের বড় হারের স্বাদ।তাতে ২-১ ব্যবধানে তারা শেষ করেছে সিরিজ।



বাংলাদেশ সিরিজ জিতেছে, এটা ভালো দিক। কিন্তু দলের সামগ্রিক পারফরম্যান্সে পুরোপুরি খুশি হতে পারছেন না সাকিব আল হাসান। আজ (শনিবার) মোহামেডানের জার্সি উম্মোচন অনুষ্ঠানে জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে আক্ষেপ ঝরে পড়লো তার কণ্ঠে।



নিজের এবং দলের পারফরম্যান্স নিয়ে কিছুটা অসন্তুষ্টির সুরে সাকিব বলেন, ‘অবশ্যই আমি যেটা আশা করেছি, তা হয়নি। কিন্তু এটা নিশ্চিত করতে হবে যেন পরবর্তীতে এমনটা আর না হয়। এটাই গুরুত্বপূর্ণ।’



সাকিব যোগ করেন, ‘আমা’র তো মনে হয় প্রথমবার আম’রা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতলাম। খুবই ভালো। অবশ্যই ৩-০ হলে ভালো হতো। কিন্তু শ্রীলঙ্কা যদি ভালো খেলতো, তাহলে ফল অন্য হতে পারতো।’





























































