প্রচ্ছদ দৈনিক খবর

অবশেষে পরিকল্পনামন্ত্রীর মোবাইল চোরকে চিনল পুলিশ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া সেই ছিনতাইকারীকে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে পাঁচদিনেও ফোনটি উদ্ধার করতে পারেনি তারা। আজ শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ে একজনকে চিহ্নিত করা গেছে। তার নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য পাওয়া গেছে। ওই ব্যক্তি চন্দ্রিমা উদ্যান সংলগ্ন রাস্তার মুখে স্থাপিত উড়োজাহাজের ভাস্কর্যের নিচে ঘুমাত। সে একজন নেশাগ্রস্থ ব্যক্তি। তাকে ধরতে অভিযান চলছে।

পুলিশ সূত্র জানায়, রাজধানীর বিজয় সরণি, তেজগাঁও, চন্দ্রিমা উদ্যান, কাফরুল এলাকার ১০ থেকে ১২ জনের মতো চিহ্নিত ছিনতাইকারীকে ধরে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এর আগে চন্দ্রিমা উদ্যানের ভেতরের টোকাই-ছিনতাইকারী, শেরেবাংলা নগর মাঠসংলগ্ন এলাকার টোকাই, আগারগাঁওসহ আশপাশ এলাকার স্থানীয় এবং সন্দেহভাজনদের থানায় আনা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেও মোবাইলটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

গত রবিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বের হয়ে বিজয় সরণির ট্রাফিক সিগন্যালের যানজটে আটকা পড়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে বহনকারী গাড়িটি। তখন গাড়ির গ্লাস খুলে ফোনে কথা বলছিলেন মন্ত্রী। হঠাৎ এক ছিনতাইকারী ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পরপরই পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি মামলা করেন।