প্রচ্ছদ দৈনিক খবর

রাজ্যে রাজ্যে হাহাকার, ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ২৭৭১

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ হাজার ৭৭১ জন। দেশটিতে একই সময়ে ফের সোয়া তিন লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। বাসাবাড়ি ও গাড়িতে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে চিকিৎসা নিতে গিয়েও রাজ্যে রাজ্যে হাহাকার চরমে। মিলছে না একটু অক্সিজেনও।

ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ১৯ হাজার ৪৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২ হাজার ৭৭১ জন। আগের দিন সংক্রমিত হয়েছিলেন ৩ লাখ ৫৪ হাজার ৫৩১ জন। একই সময়ে মারা যান ২ হাজার ৮০৬ জন।

ভারতে করোনার মোট সংক্রমণ দাঁড়িয়েছে ১ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৭৩৫ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৮৮০ জন। করোনার বৈশ্বিক সংক্রমণ তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয় আর মৃত্যুতে চতুর্থ।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১০ হাজার ৯৬৬ জন এবং নতুন করে প্রায় ৭ লাখ মানুষের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩১ লাখ ৩৩ হাজার ৫০৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৮৮৪ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৪৪৭ জন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দিল্লির বড় শ্মশানগুলোতেক দীর্ঘ লাইনের পরেও মৃতদেহ দাহ করার সুযোগ না মেলায় বিভিন্ন স্থানে তৈরি করতে হচ্ছে ‘মেক-শিফট’ বা অস্থায়ী শ্মশান। ফাঁকা মাঠ, পার্ক, এমনকি গাড়ির পার্কিংয়ের জায়গায় গত এক সপ্তাহ ধরে চলছে মৃতদেহ দাহ করার কাজ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে কভিড লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ভারতে ভয়াবহ অক্সিজেন সংকট। আক্রান্ত রোগীর জন্য সান্ত্বনা এটুকুই যে, মুখে পরানো হয়েছে অক্সিজেন মাস্ক। হৃদয় ভাঙা আর্তনাদে ভারী চারপাশ। প্রিয় স্বজনকে একটু বাঁচানোর আকুতিও যেন শোনার কেউ নেই।

অবস্থা শুধু দিল্লি নয়, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্নাটক, বিহারসহ আরও বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে।

আর ভারতীয় ভ্যারিয়েন্ট থেকে বাঁচতে দেশ ছেড়েছেন ভারতীয় অনেক ধনী ব্যক্তি। বিশেষ ফ্লাইটে বা ব্যক্তিগত বিমানে অন্য দেশে চলে যাচ্ছেন তারা।