
ভারতে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন। আইপিএল থেকে নিজেদের সরিয়ে নিলেও এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় যেতে পারেননি তাঁরা।
ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমান যোগাযোগ বন্ধ হওয়ায় মুম্বাইয়ের একটি হোটেলে আটকা পড়েছেন এই দুই ক্রিকেটার। মঙ্গলবার (২৭ এপ্রিল) এমনই প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যমগুলো। মঙ্গলবার সকালে দেশটির নিরাপত্তা কমিটির সঙ্গে আলোচনা শেষে ভারতের সঙ্গে সবধরনের বিমান যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৫ মে পর্যন্ত ভারতের সঙ্গে সরাসরি ফ্লাইট বন্ধ থাকবে অস্ট্রেলিয়ার।
তাতে বিপাকে পড়তে হয়েছে তাঁদেরকে।এই দুই ক্রিকেটার ছাড়াও আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার আরেক ক্রিকেটার অ্যান্ড্রু টাই। যদিও ইতোমধ্যে তিনি দেশে ফিরেছেন। তবে এখন পর্যন্ত ফেরা হয়নি জাম্পা ও রিচার্ডসনকে। নিজেদেরকে সরিয়ে নেয়ার পরই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে যান তাঁরা দুজন। এরপর মুম্বাই বিমান বন্দরের কাছে একটি হোটেলে অবস্থান করেন। কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ফ্লাইট বন্ধ হওয়ায় তাঁরা এখনও সেখানে রয়েছে।
ধারণা করা হচ্ছে ১৫ মে’র আগে দেশে ফেরা হচ্ছে না অস্ট্রেলিয়ার এই দুই ক্রিকেটারের। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, তাঁদেরকে দেশে ফিরিয়ে নিতে সরকারের সঙ্গে আলোচনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।






