প্রচ্ছদ দৈনিক খবর

ডি ভিলিয়ার্সের ব্যাটিং দেখলে মনে হয় না সে অবসর নিয়েছেঃ কোহলি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

এবি ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন অনেক আগেই। বছর ঘুরে এলে শুধু খেলেন আইপিএলেই। কিন্তু তারপরও যেন ফর্মের তুঙ্গে এই প্রোটিয়া ব্যাটসম্যান। সঙ্গে ধারাবাহিকতা তো রয়েছেই। কিন্তু অবসরে গিয়েও তা কি করে সম্ভব বিরাট কোহলি তা ভেবেই পান না।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক জানিয়েছেন, এবিকে দেখে তার মনে হয় না যে সে অবসর নিয়েছে। মাঝের পাঁচ মাস কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলেও মঙ্গলবার দলের জয়ে বড় অবদান রেখেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। এরপরই এমন মন্তব্য করেছেন কোহলি। আহমেদাবাদে ৫ ছক্কায় ৪২ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। নড়বড়ে অবস্থা থেকে দলকে তিনি এনে দেন লড়ার মতো পুঁজি।

রোমাঞ্চকর লড়াইয়ে পরে ১ রানের জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। শুধু এই ইনিংস নয়। এবার শুরু থেকেই দারুণ ফর্মে আছেন ডি ভিলিয়ার্স। ৫ ইনিংসে ২০৪ রান করে ফেলেছেন তিনি ৬৮ গড় ও ১৭৪.৩৫ স্ট্রাইক-রেটে। সঙ্গে ৩৭ বছর বয়সেও নিয়মিত উইকেটরক্ষকের ভূমিকা পালন করে যাচ্ছেন। মঙ্গলবারের ম্যাচের পর কোহলি বলেন, ‘আমি এসব বলি, তা সে পছন্দ করে না। তার পরও বলে যেতেই হবে, সে পাঁচ মাস কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেনি, তার পরও এমন ব্যাটিং করে চলেছে।

‘তার ব্যাটিং যদি দেখেন, মনেই হয় না সে আন্তর্জাতিক ক্রিকেট আর খেলে না। তাকে কুর্নিশ, বারবার সে আমাদের উদ্ধার করেই চলেছে’ আরও যোগ করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই অধিনায়ক। ডি ভিলিয়ার্সের পাশাপাশি বেশ ভালো ফর্মে আছেন গ্লেন ম্যাক্সওয়েল-দেবদূত পাডিকালরাও। এমনকি তাদের পারফরম্যান্স প্রভাব ফেলছে দলের জয়ের। ৬ ম্যাচের ৫টিতে জিতে টেবিলের শীর্ষে আছে কোহলিবাহিনী।