প্রচ্ছদ দৈনিক খবর

আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মাদারীপুরে সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খানের বাবা মুক্তিযুদ্ধের সংগঠক মৌলভী আছমত আলী খানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদ সভা ও মানববন্ধনে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে তিন পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মহাসড়েক আধাঘণ্টা বন্ধ থাকে যান চলাচল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি রাজৈরে এক অনুষ্ঠানে আছমত আলী খানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা। এজন্য তার পদত্যাগের দাবিতে সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কলাবাড়ি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভের ডাক দেন এমপি শাজাহান খান সমর্থিত নেতাকর্মীরা।

একই সময় ওই স্থানে জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার সমর্থকরাও প্রতিবাদ সভার আয়োজন করেন। এতে উভয়পক্ষের লোকজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পুলিশ লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তিন পুলিশসহ আহত হন অন্তত ১৫ জন।

এ সময় উত্তেজিত নেতাকর্মীরা পাশের বাংলাদেশ কৃষি ব্যাংক ও ইসলামী ব্যাংকের ঘটকচর শাখা এবং বেশ কয়েকটি মোটরসাইকেল, দোকান ও ঘরবাড়ি ভাংচুর করে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. এহসানুল রহমান ভুইয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এতে তিনজন পুলিশ আহত হন। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।