প্রচ্ছদ দৈনিক খবর

স্বাস্থ্যবিধি না মানায় বন্ধ করে দেওয়া হলো পল্টনের চায়না টাউন মার্কেট

3
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানায় পল্টনের চায়না টাউন মার্কেট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।মঙ্গলবার দুপুর ১২টার দিকে মার্কেটটি বন্ধ করে দেয় বাংলাদেশ দোকান মালিক সমিতির একটি দল।সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানার কারণে বন্ধ করা হয়েছে চায়না শপিং মল।

‘গত কয়েক দিন এই মার্কেটের সমবায় সমিতি স্বাস্থ্যবিধি মানার জন্য সবাইকে অনুরোধ করে আসছিল। কয়েক দফা বলার পরও তারা স্বাস্থ্যবিধি মানছিল না। এরপর গতকাল (সোমবার) বাংলাদেশ দোকান মালিক সমিতিকে বিষয়টি জানায় সমবায় সমিতি। দোকান মালিক সমিতি এই অভিযোগের সত্যতা পায় এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করে। আজকে এসে দেখা যায় আগের মতোই চলছে সবকিছু। এরপর মার্কেটটি বন্ধ করে দেয়া হয়।’

এ সময় দোকান মালিক সমিতির মহাসচিব জহুরুল হক ভুঁইয়া এবং এই মার্কেটের সভাপতি রওনক উপস্থিত ছিলেন।এদিকে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে আজ থেকে বিভিন্ন মার্কেটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান পরিচালনার কথা রয়েছে। তা ছাড়া সব মার্কেটে পুলিশ থাকবে। যারা স্বাস্থ্যবিধি মানবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা করা হবে বলে জানা গেছে।

দোকান মালিক সমিতির সভাপতি বলেন, ‘আমরা অন্য মার্কেটেও যাব। চায়না টাউন মার্কেট বন্ধ করে দেওয়ার মাধ্যমে সব মার্কেটকে কঠোর বার্তা দেওয়া হলো। কেউ যদি শর্ত পূরণ করতে না পারে, তাহলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে।’তিনি আরও বলেন, ‘আমরা কঠিন সময় পার করছি। একক প্রচেষ্টায় নয়, সবাইকে নিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা জরুরি।’