
করোনা আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে প্রতিদিন ভারতে প্রাণ ঝরছে হাজার হাজার মানুষের। ভারতের এই চরম দুর্দিনে তাদের পাশে এসে দাঁড়ালো অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ) এবং ইউনিসেফ অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদান দিচ্ছে অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতের এই দুর্দিনে ভারতীয়দের মতই ব্যথিত। করোনা মহামারি জয় করতে অক্সিজেন সহ জরুরি মেডিক্যাল সরঞ্জামাদি সরবরাহের জন্য তারা যৌথ উদ্দ্যোগে এমন পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, “ক্রিকেট অস্ট্রেলিয়া ৫০ হাজার ডলার এর প্রাথমিক অনুদান দেবে এবং সকল অস্ট্রেলিয়ানদের সর্বত্রই ভারতের কোভিড-১৯ মোকাবিলায় এই গুরুত্বপূর্ণ সময়ে উদারতার সাথে উপহার দিতে উত্সাহিত করবে।”
“অস্ট্রেলিয়ান এবং ভারতীয়রা একটি বিশেষ বন্ধনে আবদ্ধ। অনেকের কাছেই আমাদের ক্রিকেটই পারস্পরিক ভালবাসা এবং বন্ধুত্বের মূল বিষয়। করোনা ভাইরাস মহামারীর সেকেন্ড ওয়েভ চলাকালীন আমাদের বহু ভারতীয় বোন এবং ভাইদের দুর্দশার কথা জানতে পেরে সকল অস্ট্রেলিয়ানদের মন খারাপ ও দুঃখজনক হয়েছে। তাই আমাদের হৃদয় প্রভাবিত এবং ভারাক্রান্ত সকলের জন্য।” এক বিবৃতিতে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি।
ক্রিকেট অস্ট্রেলিয়া ছাড়াও এই মুহুর্তে আইপিএলের জন্য অবস্থান করছেন এমন অনেক সাবেক এবং বর্তমান ক্রিকেট ব্যক্তিত্বরাও সাহায্যের হাত বাড়িয়েছেন। উল্লেখ্য যে, প্রতিদিন প্রায় ৪ লাখের কাছাকাছি করোনা আক্রান্ত রোগী সনাক্ত হচ্ছে ভারতে। এছাড়াও দিন প্রতি মৃত্যের সংখ্যা প্রায় ৫ হাজারের কাছাকাছি।






