
দেশে এবং দেশের বাইরে তিন ফরম্যাট মিলিয়ে নিজেদের খেলা সবশেষে ছয় সিরিজেই শিরোপা জিতেছে পাকিস্তান। আর এই জয়যাত্রায় অন্যতম মুখ্য ভূমিকা ছিল পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের।
সেই সিরিজ গুলোতে প্রতিপক্ষ বোলারদের নাভিশ্বাস তুলে রানের ফোয়ারা ছুটিয়েছেন দূর্দান্ত ছন্দে থাকা বাবর-রিজওয়ান। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের এমন ব্যাটিং শৈলীতে মুগ্ধ পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার জহির আব্বাসও। তিনি মনে করেন বাবর-রিজওয়ানের মতো দলে আরও দুজন ব্যাটার আসলে পাকিস্তান বিশ্বের অন্যতম ক্রিকেট পরাশক্তিতে পরিণত হবে। পাকিস্তানের সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জহির আব্বাস বলেছেন,
“আমি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচগুলি দেখেছি এবং আমি আনন্দের সাথে বলতে পারি যে পাকিস্তান দল ক্রমাগতভাবে উন্নতি করছে। মোহাম্মদ রিজওয়ান সত্যিই দুর্দান্ত ব্যাটিং করছেন। হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেটে তার ব্যাটিং, এমনভাবে উন্নতি হবে বলে আমি আশা করিনি।” “ধন্যবাদ, আমাদের এখন বাবর ছাড়া অন্য কেউ আছেন, যিনি ব্যাটিং বিভাগকে সমর্থন করতে পারেন। আমরা যদি রিজওয়ান এবং বাবরের মতো আরও দু’জন ব্যাটসম্যান পেতে পারি,
তবে আমাদের দলটি বিশ্বের অন্যতম সেরা হয়ে উঠবে।” তিনি আরও যোগ করেন। বাবর আজমের ব্যাটিংয়ের পাশাপাশি তার নেতৃত্ব গুণেরও ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার। তার মতে একজন অধিনায়কের যেভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া উচিৎ, পাকিস্তান অধিনায়ক ঠিক সেভাবেই নিজের দায়িত্ব পালন করছেন। “বাবর নেতৃত্ব দিচ্ছেন এবং একইসাথে দূর্দান্ত ব্যাটিং করছেন। এটি পাকিস্তান ক্রিকেটের জন্য বেশ ভালো সংবাদ।
একজন অধিনায়কের সামনে থেকে নেতৃত্ব দেওয়া উচিত এবং বাবর ঠিক সেটাই করছেন।”






