
বিগত কয় বছরে শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের মধ্যেই ধারাবাহিকভাবে যারা রান করে গেছেন তাদের মধ্যে মুশফিকুর রহিম অন্যতম। টাইগারদের মিডলঅর্ডার সামলানোর দায়িত্বটা সফলতার সাথেই পালন করে চলেছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’।
![]()
কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের দূর্দান্ত দৃষ্টান্ত স্থাপন করে সাম্প্রতিক বছরগুলিতে বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটারদের সাথে পাল্লা দিয়ে রান করেছেন টাইগার কিপার-ব্যাটার। এরই ধারাবাহিকতায় মিরপুরে আজ (শুক্রবার) নিজের গড়া রেকর্ড নিজেই ভেঙে দিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন নজির গড়েছেন মুশফিকুর রহিম। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ‘ডাক’ বিহীন রেকর্ড টানা ৫৯টি ওয়ানডে ইনিংস খেলেছেন টাইগার উইকেটকিপার।
![]()
সবশেষ ২০১৭ সালের ১ এপ্রিল কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সুরাঙ্গা লাকমালের শিকার হয়ে নিজের খেলা প্রথম বলেই ‘০’ রানে আউট হয়েছিলেন মুশফিকুর রহিম। এরপর টানা ৫৯ ইনিংসেই সফলতার সাথে রানের খাতা খুলেছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। এর আগে বাংলাদেশের পক্ষে ডাক বিহীন সর্বাধিক ওয়ানডে ইনিংসের রেকর্ডটিও ছিলো মুশফিকের দখলেই। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ৫৮ ইনিংসে কখনই শূন্য রানে আউট হননি মুশফিকুর রহিম।
![]()
এই কীর্তিতে বাংলাদেশিদের মধ্যে তিনে রয়েছেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডার ২০১০ থেকে ২০১৪ সালের টানা ৫৪ ইনিংস খেলেছিলেন ‘০’ ছাড়া। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে ‘ডাক’ ছাড়া টানা সর্বাধিক ইনিংসঃ
মুশফিকুর রহিমঃ ৫৯* ইনিংস (২০১৭-২০২১)
মুশফিকুর রহিমঃ ৫৮ (২০১২-২০১৭)
সাকিব আল হাসানঃ ৫৪ (২০১০-২০১৪)
![]()
ওয়ানডে ক্রিকেটে ডাক বিহীন সর্বাধিক ইনিংস খেলার রেকর্ডটি অবশ্য ভারতের সাবেক তারকা ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের দখলে। টানা ১২০ ইনিংসে সফলভাবে রানের খাতা খুলেছেন ‘দ্য ওয়াল’ খ্যাত সাবেক ভারতীয় অধিনায়ক। এছাড়া নিউজিল্যান্ডের মার্টিন ক্রো টানা ১১৯ ইনিংসে এই কীর্তি করে দেখিয়েছেন।






