
দরজায় কড়া নাড়ছে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার ঐতিহাসিক সেই ফাইনাল নিয়ে ইতোমধ্যেই আলোচনার ঝড় উঠেছে ক্রিকেট পাড়ায়। যেখানে ক্রিকেটবোদ্ধারা বেছে নিচ্ছেন তাদের ফেভারিট দলকে।
![]()
এমনি এক আলোচনায় আসন্ন ফাইনালে নিউজিল্যান্ডকেই এগিয়ে রেখেছেন সাবেক ভারতীয় পেসার অজিত আগারকার এবং নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিস। তবে শুধু এগিয়েই নয়, ঐতিহাসিক সেই ফাইনালের ফলাফল নিয়ে রীতিমতো ভবিষ্যদ্বাণী করেছেন কিউই অলরাউন্ডার। স্টার স্পোর্টসের ‘ক্রিকেট কানেক্টেড’ অনুষ্ঠানে স্কট স্টাইরিস সেই ফাইনালের ভবিষ্যদ্বাণী করে বলেছেন,
![]()
“আমি মনে করি নিউজিল্যান্ড জিতবে এবং তারা ৬ উইকেটে জিতবে। আমি মনে করি ডেভন কনওয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং ট্রেন্ট বোল্ট সর্বাধিক উইকেট পাবে।” একই অনুষ্ঠানে অজিত আগারকার বলেছেন, “এটি বেছে নেওয়া কঠিন – কে এটি জিততে চলেছে। তবে আমি মনে করি নিউজিল্যান্ড সম্ভবত এই ফাইনালে ফেভারিট হিসেবেই শুরু করবে।”
![]()
অবশ্য নিউজিল্যান্ডকে ফেভারিট মানলেও সর্বোচ্চ রান সংগ্রাহক এবং উইকেট শিকারি হিসেবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং পেসার মোহাম্মদ শামিকে বেছে নিয়েছেন আগারকার। “সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে আমি বিরাট কোহলিকেই বেছে নিবো। আমি মনে করি, তিনি ইংল্যান্ডে কি করতে পারেন তা করে দেখিয়েছেন….তার দ্বিতীয় সফরে। এমনকি কঠিন পরিস্থিতিতেও তিনি ভারতের পক্ষে দাঁড়য়েছেন।”
![]()
তিনি আরও যোগ করেন, “আমি মনে করি মোহাম্মদ শামি সর্বোচ্চ উইকেট শিকারি হবেন। আমার ধারণা বুমরাহর উত্থান দ্রুত হয়েছে, তবে আমার কাছে মোহাম্মদ শামি অবশ্যই টেস্ট ক্রিকেটে ভারতের এক নাম্বার বোলার এবং কন্ডিশন তার পক্ষে মোটেই গুরুত্ব বহন করে না।” উল্লেখ্য, আগামী ১৮ই জুন ইংল্যান্ডের সাউদাম্পটনে ঐতিহাসিক ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড






