
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই শ্রীলঙ্কায় পর্দা উঠতে চলছে লঙ্কা প্রিমিয়ার লীগের (এলপিএল) দ্বিতীয় আসরের। আগামী ৩০শে জুলাই থেকে ২২শে আগষ্ট পর্যন্ত অনুষ্ঠান হবে ফ্যাঞ্জাইজি টুর্নামেন্টটি। এবারের আসরটি আরও বড় আকারে আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।
টুর্নামেন্টটির উদ্বোধনী আসর সফলভাবে আয়োজনের পর শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক অর্জুনা ডি সিলভা বিশ্বাস করেন যে, আরও বেশি বিদেশি খেলোয়াড়ের অংশগ্রহণে এই বছরের টুর্নামেন্টটি আরও জাঁকজমকপূর্ণ হতে চলছে। গতকাল শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “গেল বার হাম্বানটোটায় আয়োজিত প্রথম টুর্নামেন্টটি সফল হয়েছিল
এবং আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে আরও বেশি বিদেশী খেলোয়াড় আমাদের প্রতিযোগিতায় অংশ নেবে।”সেই সাথে গতবার করোনা পরিস্থিতি বিবেচনায় শুধুমাত্র হাম্বানটোটাতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হলেও এবার আসরের ম্যাচগুলো শ্রীলঙ্কার চারটি শহরে আয়োজন করা হবে। এ ব্যাপারে ইতোমধ্যে দেশটির ক্রীড়া মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। এ প্রসঙ্গে ডি সিলভা বলেন, “খেলাধুলা বিষয়ক মন্ত্রী নামাল রাজাপাকসা ইতোমধ্যে
হাম্বানটোটা, ডাম্বুলা, পাল্লেকেল এবং কলম্বোতে সেই সময়ের দেশের স্বাস্থ্যের পরিস্থিতির উপর নির্ভর করে এলপিএল পরিচালনার জন্য তাঁর অনুমোদন দিয়েছেন।” উল্লেখ্য, গলে গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে পাঁচ দল নিয়ে আয়োজিত ২৩ ম্যাচের এই টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জিতেছিলো থিসারা পেরেরার নেতৃত্বাধীন জাফনা স্ট্যালিয়নস।






