
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় খিচুড়ি রান্নার প্রকল্প বাতিল করেছেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১ জুন) একনেক সভায় ‘প্রাইমারি স্কুল মিল’ প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের রান্না করা খাবার না দিয়ে রান্না ছাড়া খাবারের পক্ষে মত দেন। তিনি প্রকল্পটি নতুনভাবে উপস্থাপনের নির্দেশ দেন।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, আজ সভায় একটি প্রকল্প অনুমোদন পায়নি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রধানমন্ত্রী এ প্রকল্পটি ভালোবাসেন, স্নেহ করেন। কিন্তু প্রকল্পটির স্ট্রাকচার নিয়ে তার সংশয় ছিল। এজন্য তিনি নির্দেশনা দিয়ে প্রকল্পটি ফেরত পাঠিয়েছেন।
মন্ত্রী বলেন, স্কুলে খাবার দেওয়া প্রকল্পটি ফেরত পাঠানো হয়েছে। আমরাও চাই সকল শিক্ষার্থী স্কুলে খাবার পাক। তবে এই প্রকল্পের স্ট্রাকচার পরিবর্তন করে সম্পূর্ণ নতুনভাবে প্রস্তাব করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।ওই প্রকল্পের মাধ্যমে আগামী ৫ বছর ৫ শতাধিক উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের দেড় কোটি শিক্ষার্থীকে স্কুলে দুপরের খাবার দেয়ার কথা ছিল। এতে ১৭ হাজার ২৯০ কোটি ২২ লাখ টাকা ব্যয় করার কথা ছিল।
রান্না করা খাবার বা খিচুড়ির খাওয়ানোর প্রস্তাবের কারণে গত সেপ্টেম্বরে ‘খিচুড়ি রান্না শিখতে বিদেশ সফর নামে’ সংবাদও প্রকাশ হয়। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বিদেশ সফর বাদ দেয়ার কথা বলেছিলেন।






