
করোনাভাইরাসের কারণে স্থগিত করা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভায় নির্বাচন এবং জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন আগামী ২১ জুন ভোটগ্রহণ অনষ্ঠানের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
আজ বুধবার (২ জুন) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন।
এর আগে গত ৩ মার্চ দেশের ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। গত ১১ এপ্রিল এসব জায়গায় ভোটগ্রহণের হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ এপ্রিল থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
এ ছাড়া, ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের আসন শুন্য ঘোষণা হলে সে আসনেও উপনির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়।
একই সাথে আজ ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী এ তিন আসনে ভোট গ্রহণ হবে আগামী ১৪ জুলাই। এই আসনগুলোতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১
bangla news।






