
এই বছরের ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘টি-২০ ব্লাস্ট’ এর দ্বিতীয়ার্ধের জন্য পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার মোহাম্মদ আমিরকে দলে ভিড়িয়েছে কেন্ট। গ্রুপ পর্বের ৭টি ম্যাচে খেলার জন্য কাউন্টি দলটির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ২৯ বছর বয়সী আমির।
সেই সাথে কেন্ট নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করলে, সেখানেও দেখা যাবে পাকিস্তানের প্রাক্তন পেসারকে। বর্তমান চ্যাম্পিয়ন করাচি কিংসের হয়ে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) বাকি অংশ শেষ করেই ইংল্যান্ডের উদ্দেশ্যে বিমানে চড়বেন বাঁহাতি পেসার। আগামী ১লা জুন থেকে ২০শে জুন করোনা প্রাদুর্ভাবে স্থগিত হয়ে যাওয়া পিএসএলের ষষ্ঠ আসরের বাকি অংশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী আগামী ২৫শে জুন প্রাক্তন ক্লাব এসেক্সের বিরুদ্ধে ম্যাচ দিয়েই কেন্ট অধ্যায় শুরু করতে পারেন মোহাম্মদ আমির।
যদিও করোনা মহামারীর কারণে কোয়ারেন্টাইন জটিলতা থেকেই যায়। এর আগে ২০১৭ থেকে ২০১৯ সালে এসেক্সের হয়ে টি-২০ ব্লাস্টে অংশ নিয়েছিলেন আমির। এই সময়টায় কাউন্টি ক্লাবটির হয়ে ২১টি ম্যাচ খেলছেন আমির এবং শিরোপাও জিতেছেন। প্রসঙ্গত গেল বছরের ডিসেম্বরে পাকিস্তান বোর্ডের উপর মানসিক অত্যাচারের অভিযোগ এনে মাত্র ২৮ বছর বয়সেই আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ আমির।
পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টিতে সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫৯টি উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার।






