
ভারতের পুনের বাসিন্দা ৫০ বছর বয়সী অজয় মুনোট। তিনি গত বছরের জুনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। রোগটি থেকে সুস্থ হওয়ার পর তিনি এখন পর্যন্ত ১৪ বার প্লাজমা ডোনেট করেছেন। এর ফলে ৪০ জনের অধিক রোগী করোনা থেকে সুস্থ হয়েছেন। বৃহস্পতিবার (২০ মে) তাকে নিয়ে একটি ভিডিও প্রতিবেদন করেছে টাইমস অব ইন্ডিয়া।
সেখানে বলা হয়েছে, অজয় মুনোটের রক্তের গ্রুপ বি+ পজেটিভ। তিনি জানান, তার লাইফের মন্ত্রও বি পজেটিভ। ২০২০ সালের জুনে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। আর প্রথম প্লাজমা ডোনেশন করেন একই বছরের ২৬ আগস্ট।অজয় মুনোট বলেন, প্রথম প্লাজমা ডোনেশনের পর রোগীর ছেলের মাধ্যমে সংবাদ পাই যে তার মা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। সেখান থেকেই মূলত কাজটি অনুপ্রেরণা পাই।
করোনা রোগীদের সহায়তা করার সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে প্লাজমা উল্লেখ করে তিনি বলেন, প্লাজমা শরীরের এন্টিবডি বাড়ায়। কিন্তু সচেতনতার অভাব ও কুসস্কারের কারণে মানুষ প্লাজমা দিতে চায় না। মনে করে প্লাজমা ডোনেট করলে তারা দুর্বল হয়ে যাবে। অথচ এটা সত্য নয়।
১৪ বার ডোনেট করার পরও আমার শরীরে এন্টিবডি এখনো ভালো এবং আমি ১৫তম বারের মতো ডোনেট করতে যাচ্ছি, যোগ করেন তিনি।বিশেষজ্ঞরা আশা করছেন, তার এই গল্প ছড়িয়ে দেওয়ার মাধ্যমে অন্যদের অনুপ্রেরণা দেওয়া যাবে। যেন করোনা থেকে সুস্থ হওয়া সকলে প্লাজমা ডোনেট করতে রাজি হয়।






